ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম) - পঞ্চম ও শেষ দিনে অনেক নাটকীয়তার পর ড্র হয়েছে মুম্বাই টেস্ট। যদিও ম্যাচশেষে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের স্কোর সমান ছিলো। তবে ভারতের হাতে একটি উইকেট থাকায় টাই নয়, খেলার ফলাফল ড্র। ক্রিকেট ইতিহাসে দুদলের স্কোর সমান হওয়ার পরও টেস্ট অমীমাংসিত থাকার এটি মাত্র দ্বিতীয় ঘটনা।
এর আগে ১৯৯৬ সালের ডিসেম্বরে বুলাওয়েতে ইংল্যান্ড-জিম্বাবুয়ে টেস্টে প্রথম বারের মতো এমন ঘটনা ঘটেছিলো।
শনিবার দিনের শেষ বলে ভারতের প্রয়োজন ছিলো ২ রান। হাতে ২ উইকেট। ফিডেল এডওয়ার্ডসের বল লং-অনে ঠেলে দিয়েই রানের জন্য ছুটতে শুরু করেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম রানটি নিতে পেরেছিলেন। কিন্তু দ্বিতীয় রান নেয়ার সময় রান আউট হয়ে যান তিনি।
অবশ্য ওয়াংখেড়ে স্টেডিয়ামে পঞ্চম দিনের শুরু থেকেই নাটক জমে ওঠে। এই ম্যাচে প্রথম দুদিনের পুরোটা এবং তৃতীয় দিন প্রায় আধাঘন্টাখানেক ব্যাট করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু প্রজ্ঞান ওঝা ও অশ্বিনের ঘূর্ণিতে শনিবার প্রথম ঘন্টাতেই ৮ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় তারা। প্রথম ইনিংসে ৫৯০ রান করলেও অতিথিদের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ মাত্র ১৩৪ রান। এর মধ্যে ২২ রানে পড়ে শেষ ৭ উইকেট।
শেষ দিনে ৮টি উইকেট ভাগ করে নেন ওঝা ও অশ্বিন।
এর মধ্যে আগের দিনের দুটো সহ ৪৭ রানের বিনিময়ে ওঝার শিকার ৬ উইকেট। অশ্বিনের ৪ উইকেটের পেছনে খরচ ৩৪ রান।
২৪৩ রানের জয়ের লক্ষ্য নিয়ে মধ্যাহ্ন-বিরতির কিছুক্ষণ আগে ব্যাট করতে নামে ভারত। তখনো দিনের খেলা বাকি ৬৪ ওভার।
দলীয় ১৯ রানে গৌতম গম্ভীরকে (১২) হারালেও অন্য উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগের ব্যাট সহজ জয়ের স্বপ্নই দেখাচ্ছিলো ভারতকে।
রাহুল দ্রাবিড়কে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৮২ রান যোগ করেন শেবাগ। ৬৫ বলে ৬০ রান করা শেবাগের আক্রমণাত্মক ইনিংসে ৮টি চার।
তবে মারলন স্যামুয়েলসের জোড়া আঘাতে দ্রাবিড় (৩৩) ও টেন্ডুলকার (৩) সাঝঘরে ফিরে গেলে খেলায় ফিরে আসে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ভিভিএস লক্ষ্মণ ও বিরাট কোহলি আবার জয়ের স্বপ্ন দেখান স্বাগতিকদের। এই জুটি পঞ্চম উইকেটে যোগ করে ৫২ রান।
লক্ষ্মণ ৩১ ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ১৩ রান করে আউট হয়ে গেলে দোদুল্যমান হয়ে পড়ে ম্যাচের ভাগ্য। ৬৩ রানের চমৎকার ইনিংস খেলে কোহলি আউট হওয়ার সময় স্কোর ছিলো ২২৪/৭।
জয়ের জন্য তখন ২৯ বলে ভারতের প্রয়োজন ১৯ রান। হাতে তিন উইকেট। ক্রিজে আছেন প্রথম ইনিংসে শতক করা অশ্বিন ও ইশান্ত শর্মা। দুজনে একটু, একটু করে লক্ষ্যের দিকে এগিয়ে নিচ্ছিলেন দলকে। কিন্তু ইশান্ত (১০) রবি রামপলের বলে বোল্ড হয়ে গেলে আবার দুশ্চিন্তায় পড়ে যায় স্বাগতিকরা।
তখন ৭ বলে প্রয়োজন ৪ রান। নতুন ব্যাটসম্যান বরুন অ্যারন এক রান নিলে শেষ ওভারে ভারতের প্রয়োজনীয়তা নেমে আসে ৩ রানে।
দিনের, ম্যাচের এবং সিরিজেরও শেষ ওভারটি করতে আসেন ফিদেল এডওয়ার্ডস। প্রথম তিন বলে অ্যারন কোনো রান নিতে পারেননি। তাই চাপ বেড়ে যায় ভারতের ওপরে।
স্যামুয়েলসের ফিল্ডিং ব্যর্থতায় চতুর্থ বলে একটি রান পেয়ে যায় স্বাগতিকরা। শেষ দুই বলে প্রয়োজন দুই রান। স্ট্রাইকে অশ্বিন থাকায় ভারত তখন রোমাঞ্চকর জয়ের আশায় উদ্বেল। কিন্তু পঞ্চম বলে রান হয়নি। আর ষষ্ঠ বলে এক রান এবং অশ্বিন রান আউট!
তাই অনেক নাটকীয়তা, উত্তেজনা, শিহরণ জাগিয়ে শেষ পর্যন্ত মুম্বাই টেস্ট ড্র।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৭২৭ঘ.
bdnews24