ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুম্বাই টেস্টে তিন দিনে উইকেট পড়েছে মাত্র ১৩টি। তাই এই টেস্টের ভাগ্য নিয়ে খুব বেশি মতভেদ নেই। বরং বৃহস্পতিবার দিন শেষে ৬৭ রানে অপরাজিত থাকা শচীন টেন্ডুলকার তার শততম শতকটি পান কি না সেটাই এখন দেখার বিষয়। তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২৮১ রান।
টেন্ডুলকারের সঙ্গে অপরাজিত আছেন ভিভিএস লক্ষ্মণ (৩২)।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে তৃতীয় দিন সকালে ৫৯০ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। আগের দিনের ৯ উইকেটে ৫৭৫ রান নিয়ে ব্যাট করতে নেমে দশম ব্যাটসম্যান হিসেবে আউট হন দেবেন্দ্র বিশু (১২)।
ভারতের পক্ষে রবিচন্দ্রন অশ্বিন ১৫৬ রান দিয়ে দখল করেন ৫ উইকেট।
এরপর ব্যাটিং স্বর্গ উইকেটে ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান বিরেন্দ্র শেবাগ ৩৭ রানে ড্যারেন স্যামির বলে বোল্ড হয়ে যান। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান গম্ভীর করেন ৫৫।
এবছর নিজের ষষ্ঠ শতকের দিকে ভালো ভাবেই এগুচ্ছিলেন তিন নম্বরে ব্যাট করতে নামা রাহুল দ্রাবিড়। কিন্তু মারলন স্যামুয়েলসের একটি ঘূর্ণি বল দ্রাবিড়ের অফ-স্ট্যাম্পে আঘাত করলে ৮২ রানেরই সাঝঘরে ফিরে যেতে হয় তাকে।
দিনের বাকি সময়ে আলোচনার বিষয়বস্তু শুধুই টেন্ডুলকার ও তার শততম শতকটি হয় কি না তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮০৫ ঘ.
bdnews24