২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে ও টি-টোয়েন্টি মর্যাদা পেল বাংলাদেশ

মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটে হারিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মর্যাদা অর্জন করেছে বাংলাদেশ। তখনো হাতে ছিল ১৮৭ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 03:35 AM

Updated : 24 Aug 2022, 04:57 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটে হারিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মর্যাদা অর্জন করেছে বাংলাদেশ। তখনো হাতে ছিল ১৮৭ বল। আইসিসির মিডিয়া ম্যানেজার লুসি বেনজামিন বলেন, “এই জয়ের ফলে ওয়ানডে ও টি-টোয়েন্টি মর্যাদা পেল বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে শনিবারের ম্যাচটিই হবে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। মর্যাদা ধরে রাখতে হলে বছরে (ক্রিকেট মৌসুম নয়) তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে।” বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) দুই নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে খাদিজা তুল কোবরার মারাত্মক বোলিংয়ে ৪৭ ওভার ৩ বলে ৭৮ রানেই শেষ হয় যুক্তরাষ্ট্রের ইনিংস। জবাবে ১৮ ওভার ৫ বলে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১২ রানে উদ্বোধনী ব্যাটসম্যান আয়েশা আক্তারকে হারায় বাংলাদেশ। তবে অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট জুটিতে ৬৭ রান যোগ করে দলকে সহজ জয় এনে দেন শুকতারা রহমান ও ফারজানা হক। শুকতারা ২৯ ও ফারজানা ২৭ রানে অপরাজিত থাকেন। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৭ রানে ডিলকাস শাহরিয়ারিয়ানকে (৪) এলবিডব্লি¬উর ফাঁদে ফেলে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন জাহানারা আলম। দ্বিতীয় উইকেটে অধিনায়ক ডরিস ফ্রান্সিস ও শিবানি ভাস্কর ২৫ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন। দলীয় ৩২ রানে শুকতারা রহমানের বলে তারই হাতে ক্যাচ দেন শিবানি (১৩)। তৃতীয় উইকেটে ডরিস ও দুর্গা দাস যোগ করেন ২৮ রান। এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের সংগ্রহ ছিল ৬০/২। সেখান থেকে খাদিজার দুর্দান্ত বোলিংয়ে আর মাত্র ১৮ রান যোগ করতেই শেষ ৮ উইকেট হারায় যুক্তরাষ্ট্র। খাদিজার বলে তারই হাতে দুর্গা (১১) ক্যাচ দিয়ে বিদায় নিলে যুক্তরাষ্ট্রের ইনিংসে ধস নামে। এরপর নাদিয়া গ্র“নি, এরিকা লেন্ডার ও সারা ফারুককে খলি হাতেই সাজঘরে ফেরান খাদিজা। দলীয় ৬৪ রানে রুমানা আহমেদের বলে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে সজঘরের পথ ধরেন ডরিস (২৩)। অতিরিক্ত খাত থেকে আসে ২২ রান। বাংলাদেশের পক্ষে খাদিজা ৪ উইকেট নেন ২০ রানে। টুর্নামেন্টে এ নিয়ে ১৭ উইকেট পেলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৩৪৯ ঘ.