ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ানডে মর্যাদা পাওয়ার লড়াইয়ে বাংলাদেশের শেষ বাধা যুক্তরাষ্ট্র। যদিও শক্তির বিচারে এগিয়ে বাংলাদেশ। তবে প্রতিপক্ষকে হাল্কাভাবে নিচ্ছে না তারা।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) দুই নম্বর মাঠে বৃহস্পতিবার সকাল নয়টায় ‘প্লে¬-অফ’ ম্যাচে খেলবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ।
টানা খেলার মধ্যে থাকায় ক্রিকেটাররা একটু ক্লান্ত। যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামার আগে তাই খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছেন কোচ মমতা।
কাগজে-কলমে শক্তির বিচারে যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশকে শ্রেয়তর দল মনে করেন মমতা। যুক্তরাষ্ট্রকে হারিয়ে ওয়ানডে মর্যাদা পাওয়ার ব্যাপারেও বেশ আত্মবিশ্বাসী তিনি।
তিনি বলেন, “আমাদের বোলিং বেশ শক্তিশালী। টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষেও মেয়েরা অনেকগুলো উইকেট নিয়েছে। দুয়েকটা ম্যাচে ততটা ভালো না হলেও আমাদের ফিল্ডিংও বেশ উঁচুমানের।”
পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে হারের কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছেন মমতা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে উপরের সারির কাছ থেকে আরো দায়িত্বশীল ব্যাটিং আশা করছেন তিনি।
টুর্নামেন্টে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সব ম্যাচে একই দল নিয়ে মাঠে নেমেছে তারা। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দলে একটি পরিবর্তনের আভাস দিয়েছেন মমতা। যদিও সকালে উইকেট দেখেই দল সম্পর্কে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।
বাংলাদেশের ব্যাটিংয়ের তিন স্তম্ভ অধিনায়ক সালমা খাতুন, শুকতারা রহমান ও ফারজানা হক পিঙ্কির কাছ থেকে বড় ইনিংস চান তিনি। সেই সঙ্গে অন্যরাও কিছু কিছু করে রান করলে লড়াই করার মতো পুঁজি স্বাগতিকরা পেয়ে যাবে বলে মনে করছেন তিনি।
বাংলাদেশের প্রধান শক্তি স্পিন আক্রমণ। জাপান ও আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ে সবচেয় বড় ভূমিকা ছিল খাদিজা তুল কোবরা, সালমা, শুকতারা ও রুমানাদের।
এদিকে জিম্বাবুয়েকে হারিয়ে চমক দেখিয়েছে যুক্তরাষ্ট্র। দলটির প্রধান শক্তি উইকেট ধরে রেখে খেলার মানসিকতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৭১৫ ঘ.
bdnews24