ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাট করার সুযোগ পেয়েছেন চার জন। আর চার জনের ব্যাট থেকেই বেরিয়ে এসেছে অর্ধশতক। তাই ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে সুদৃঢ় অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ২৬৭ রান।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে অতিথিদের শক্ত ভিত এনে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান অ্যাড্রিয়ান বারাথ ও ক্রেইগ ব্র্যাথওয়েইট। স্বাগতিকদের হতাশ করে দিনের অর্ধেকেরও বেশি সময় অবিচ্ছিন্ন থেকে ১৩৭ রানের জুটি গড়েন তারা।
জুটিটা ভাঙ্গেন রবিচন্দ্রন অশ্বিন। ৬২ রান করা বারাথকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির গ্লাভসবন্দী করেন তিনি। বারাথের ১৪৮ বলের ইনিংসে ৮টি চার।
দলীয় সংগ্রহে আর ১৩ রান যোগ হতেই তাকে অনুসরণ করেন ব্র্যাথওয়েইটও। ১৮৪ বলে ৮টি চারের সাহায্যে ৬৮ রান করা ব্র্যাথওয়েইটের উইকেটটিও অশ্বিনের।
তবে এরপর আর কোনো সাফল্য পায়নি ভারত। দিনশেষে কার্ক এডওয়ার্ডস ৬৫ ও ড্যারেন ব্রাভো ৫৭ রানে অপরাজিত। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে দুজনের অবদান ১১৭ রান।
মুম্বাইয়ে দুটো পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে ভারত। যুবরাজ সিংয়ের জায়গায় সুযোগ পেয়েছেন বিরাট কোহলি। কলকাতায় দ্বিতীয় টেস্টে ৭ উইকেট নিয়ে ক্যারিবীয়দের ধসিয়ে দিলেও পেসার উমেশ যাদব সুযোগ পাননি। তাকে বাইরে রাখায় অভিষেক হয়েছে বরুন অ্যারনের।
ওয়েস্ট ইন্ডিজ দলে একটিই পরিবর্তন। চোটের কারণে বাদ পড়া শিবনারায়ন চন্দরপলের জায়গায় সুযোগ পেয়েছেন কাইরন পাওয়েল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯৪১ঘ.
bdnews24