ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ মিকি আর্থারকে অস্ট্রেলিয়ার নতুন কোচ হিসিবে বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্রিসবেনে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্ট দিয়ে দলের দায়িত্ব নেবেন আর্থার। থাকবেন ২০১৫ সালের বিশ্বকাপ পর্যন্ত। তিনি হবেন দেশটির প্রথম বিদেশি কোচ।
সংবাদ মাধ্যমকে আর্থার বলেন, “অস্ট্রেলিয়ার মতো একটি দলের কোচ হিসেবে দায়িত্ব পেয়ে নিজেকে সম্মানিত মনে করছি। দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে দায়িত্ব পালন করার সময় অস্ট্রেলিয়াকে দেখেছি আমি। এখন অস্ট্রেলিয়ার কোচ হিসেবে কাজ করার সময় সেটা বেশ কাজে লাগবে।”
স্টিভ রিক্সন, টম মুডি ও জাস্টিন ল্যাঙ্গারকে হটিয়ে গত সপ্তাহে চূড়ান্ত সাক্ষাৎকার শেষে অস্ট্রেলিয়ার দায়িত্ব পান ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কোচ আর্থার।
অস্ট্রেলিয়ার কোচ হিসেবে দায়িত্ব পালন করার সময় নির্বাচক হিসেবেও কাজ করবেন আর্থার। জাতীয় দলের ধারাবাহিক উন্নতির পাশাপাশি রাজ্য দলগুলোর কোচিং দর্শন ও কাঠামো নির্ধারণও তার দায়িত্বের অংশ।
বর্তমানে ইংল্যান্ডে অ্যান্ডি ফ্লাওয়ার যে ভূমিকায় রয়েছেন অস্ট্রেলিয়ায় ঠিক তাই করতে হবে আর্থারকে। তবে ব্যাপারটি তার কাছে মোটেও অপরিচিত নয়। দক্ষিণ আফ্রিকায় ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি প্রায় একই ধরনের কাজ করেছেন।
তার নিয়োগের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ হল অস্ট্রেলিয়ার পরিবর্তন পর্বের। দলের পারফরম্যান্স ম্যানেজার হিসেবে কাজ করবেন প্যাট হাওয়ার্ড। জাতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব নিয়েছেন জন ইনভেরারিটি। নির্বাচন প্যানেলে তার সঙ্গী অধিনায়ক মাইকেল ক্লার্ক, দুই নির্বাচক রড মার্শ ও অ্যান্ডি বিকেল এবং কোচ আর্থার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১১২৬ ঘ.
bdnews24