ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই পরাজয়ের ফলে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপির) দুই নম্বর মাঠে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে স্বাগতিকরা। ওই ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারাতে পারলে ওয়ানডে মর্যাদা পাবে বাংলাদেশ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ৪৭ ওভারে ১০০ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। টুর্নামেন্টে এটাই বাংলাদেশের সর্বনিু রান।
জবাবে ২৬ ওভার ৩ বলে ৪ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
স্কোর বোর্ডে কোনো রান জমা করার আগেই প্রথম উইকেট হারাতে পারতো শ্রীলঙ্কা। জাহানারা আলমের বলে উইকেটরক্ষক ইয়াসমিন বৈশাখীর হাতে সহজ ক্যাচ দেন যশোদা মেন্ডিস। ওই ক্যাচ ধরতে পারেননি বৈশাখী।
তবে বেশিক্ষণ খেলতে পারেন নি যশোদা (৮)। দলীয় ২৪ রানে সালমা খাতুনের বলে শুকতারা রহমানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন।
দলীয় ৩৭ রানে আবারো আঘাত হানেন সালমা। এবার তার বলে বৈশাখীর হাতে ধরা পড়েন ইনোকা গালাগেন্দ্রা (১৯)।
তৃতীয় উইকেটে চামারি আতাপাত্তু ও সান্দামালি দোলাওয়াত্তে ৩৭ রান যোগ করে শ্রীলঙ্কাকে নিয়ে আসেন জয়ের পথে। দলীয় ৭৪ রানে শুকতারা রহমানের বলে দোলাওয়াত্তে (১৫) পান্না ঘোষের হাতে ধরা পড়লে তৃতীয় সাফল্য পায় বাংলাদেশ।
দলীয় ৮৬ রানে খাদিজা তুল কোবরা ফিরিয়ে দেন চামারিকে (২৬)। খাদিজার বলে বৈশাখীর হাতে সহজ ক্যাচ দেন চামারি।
শেষ পর্যন্ত দলকে সহজ জয় এনে দেন অধিনায়ক ডিলানি মানোডারা ও শশীকলা শ্রীবর্ধনে। ডিলানি ১ রানে ও শশীকলা ২২ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের পক্ষে অধিনায়ক সালমা দুই উইকেট নেন ২৬ রানে।
এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। স্কোর বোর্ডে ৪ রান জমা হতেই সাজঘরে ফিরে আসেন আয়েশা আক্তার (২) ও ফারজানা হক (০)। দলের বিপদ আরো বাড়িয়ে ১৩ রানে রান আউট হয়ে বিদায় নেন শুকতারা (৩)।
চতুর্থ উইকেটে অধিনায়ক সালমা ও লতা মণ্ডল ২৩ রান যোগ করে প্রাথমিক ধাূক্কা সামাল দেয়ার চেষ্টা করেন। চামানি সেনেবীরারতেœর বল কাট করতে গিয়ে স্লিপে সুইনি ডি আলবিসের হাতে ধরা পড়েন লতা (১১)।
পঞ্চম উইকেটে সালমা ও রুমানা আহমেদ যোগ করেন ২৫ রান। দলীয় ৫৯ রানে সালমাকে (৩২) বোল্ড করে বাংলাদেশকে সবচেয়ে বড় ধাক্কা দেন শশীকলা।
এর পর আরো ৪১ রান যোগ করে শেষ ৫ উইকেট হারায় বাংলাদেশ। ৯৫ রানে অষ্টম উইকেটের পতনের পর আর ৫ রান যোগ করতে শেষ দুই উইকেট হারায় স্বাগতিকরা। তখনো অব্যবহৃত ১৮ বল।
রুমানা ১৭ ও পান্না ঘোষ ১২ রান করেন।
শ্রীলঙ্কার পক্ষে উদেশিকা প্রাবোধানি, শশীকলা ও আলবিস দুটি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৪০৫ ঘ.
bdnews24