ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮০ রানে হেরেছে বাংলাদেশ।
চার খেলায় এটি ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ জয়। অন্যদিকে সমান খেলায় বাংলাদেশের দ্বিতীয় পরাজয়।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার 'বি' গ্র"পের খেলায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
স্টেফানি টেলর ও শ্যানেল দালির অর্ধশতকের সুবাদে ৮ উইকেটে ২১৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৪৭ ওভার ৪ বলে ১৩৭ রানেই থামে বাংলাদেশের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশকে সতর্ক সূচনা এনে দেন আয়েশা আক্তার ও শুকতারা রহমান। দলীয় ২৬ রানে শাকিরা সেলমানের বলে জুলিয়ানা নেরোর হাতে আয়েশা (১৪) ক্যাচ দিলে প্রথম উইকেট হারায়।
চার রান পরেই তাকে অনুসরণ করেন শুকতারা (১০)। শাকিরার বলে স্টেফানি টেলরকে ক্যাচ দেন তিনি।
তৃতীয় উইকেটে অধিনায়ক সালমা খাতুন ও ফারজানা হক ৩৭ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন। বাংলাদেশকে ভালো অবস্থানের দিকে নিয়ে যাওয়া এই জুটি ভাঙ্গেন সাকুয়ানা কুইনটানি। তার বলে স্ট্যাসি-অ্যান কিংকে ক্যাচ দেন ফারজানা (১৬)। দলের রান তখন ৬৭।
৩১তম ওভারের পঞ্চম বলে বিদায় নেন সালমাও (২৩)। স্টেফানির বলে তার স্ট্যাম্প ভেঙ্গে দেন উইকেটরক্ষক মেরিসা আগুইলেরিয়া।
এর পর রুমানা আহমেদ কেবল পরাজয়ের ব্যবধান কমিয়েছেন। সর্বোচ্চ ২৮ রান করে অপরাজিত থাকেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কুইনটানি ৩ উইকেট নেন ২০ রানে।
এর আগে দলীয় ২৭ রানে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন জাহানারা আলম। তার বল কাট করতে গিয়ে শুকতারা রহমানের দুর্দান্ত ক্যাচে পরিণত হন জুলিয়ানা (৬)।
দ্বিতীয় উইকেটে স্টেফানি ও দালি ৮৪ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার পাশাপাশি দলকে শক্ত ভিত গড়ে দেন।
স্টেফানিকে (৬২) ফিরিয়ে দিয়ে বাংলাদেশের জন্য বিপদজনক হয়ে উঠা এই জুটি ভাঙ্গেন রুমানা। তার বল কাট করতে গিয়ে উইকেটরক্ষ ইয়াসমিন বৈশাখীর হাতে ক্যাচ দেন স্টেফানি। তার ১০২ বলের ইনিংসে ৫টি চার রয়েছে।
দলীয় ১৩১ রানে আবারো আঘাত হানেন রুমানা। এবার ফিরিয়ে দেন ড্রিনডা ডটিনকে (১৭)। ১৯ বলের ইনিংসে দুটি বিশাল ছক্কা হাঁকান তিনি। এরপর অধিনায়ক মেরিসা আগুইলেরিয়া (১) দ্রুত বিদায় নিলে খেলায় ফিরে বাংলাদেশ।
দলীয় ১৩৮ রানে আগুইলেরিয়া শুকতারার বলে তারই হাতে ক্যাচ দেন।
পঞ্চম উইকেটে স্ট্যাসি ও দালি ৩৭ রান। এর মধ্যে ২৪ রানই আসে স্ট্যাসির ব্যাট থেকে। ১৮ বলে তিন ছয়ের সাহায্যে এ রান করেন তিনি। দলীয় ১৭৫ রানে স্ট্যাসি রান আউট হলে ওয়েস্ট ইন্ডিজের রান তোলার গতি একটু কমে।
দলীয় ১৯৪ রানে সালমা খাতুনের বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন দালি (৬১)। তার ১০৫ বলের ইনিংসে ৫টি চার ও একটি ছয় রয়েছে। শেষ পর্যন্ত ব্রিটনি কুপার অপরাজিত থাকেন ২৬ রানে।
বাংলাদেশের পক্ষে রুমানা ও খাদিজা তুল কোবরা দুটি করে উইকেট। এজন্য রুমানা দেন ৩৭ রান। খাদিজা ৩৯।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৫৪৮ ঘ.
bdnews24