২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো খেলার আশা সালমার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2011, 02:44 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে সালমা সাংবাদিকদের বলেন, "শক্তির দিক থেকে ওয়েস্ট ইন্ডিজ আমাদের চেয়ে বেশ এগিয়ে।" "আমার মনে হয় ওদের বিপক্ষে লড়াই হবে। আমরা চেষ্টা করব ভাল খেলা উপহার দিতে," যোগ করেন তিনি। তবে অধিনায়ক স্বীকার করেছেন প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা নিয়ে এখনো তাদের স্পষ্ট কোনো ধারণা নেই। তিনি বলেন, "ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা কোনো ম্যাচ খেলিনি। তারা স্পিনে না পেসে দুর্বল সেটাও আমরা জানি না।" "তবে আমাদের ব্যাপারে তারা বেশি কিছু জানে না। আমরা যেমন ওদের খেলা দেখিনি, ওরাও আমাদের খেলা দেখেনি," যোগ করেন তিনি। দলের সবচেয়ে বড় শক্তি স্পিন আক্রমণ দিয়েই ওয়েস্ট ইন্ডিজকে থামানোর পরিকল্পনা করছেন সালমা। তিনি বলেন, "আমাদের স্পিন শক্তিকে সঠিক ভাবে কাজে লাগাতে পারলে ভাল করা সম্ভব।" স্পিন ও ব্যাটিং নিয়ে বেশি কাজ হচ্ছে জানিয়ে সালমা বলেন, "ওদের ব্যাটিং বেশ শক্তিশালী। তবে ২৩০ রান করতে পারলে লড়াই করা সম্ভব।" "আমাদের উপরের এবং মাঝের সারির খেলোয়াড়রা বড় স্কোর করতে পারলে এটা অসম্ভব হবে না," যোগ করেন তিনি। বি গ্র"পে বাংলাদেশের শেষ ম্যাচের ব্যাপারে মমতা বলেন, "ওয়েস্ট ইন্ডিজকে হারানো সহজ হবে না। জিততে হলে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগে ভাল করলে জয় আশা করা যেতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২০৩৬ ঘ.