২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরে ভারত সফরে যেতে পারেন আশরাফ

ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ আয়োজনে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন প্রধান জাকা আশরাফ। এই বিষয়ে আলোচনা করতে ডিসেম্বরে তিনি ভারত সফরে যেতে পারেন বলেও জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2011, 12:01 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ আয়োজনে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন প্রধান জাকা আশরাফ। এই বিষয়ে আলোচনা করতে ডিসেম্বরে তিনি ভারত সফরে যেতে পারেন বলেও জানিয়েছেন। দুবাইতে আশরাফ বলেন, "আমার দৃঢ় বিশ্বাস ভারতের সঙ্গে আমরা পুনরায় সিরিজ শুরু করতে পারবো। এই বিষয়ে ভারতের কাছ থেকে আমি আজই (মঙ্গলবার) ইতিবাচক সাড়া পেয়েছি। আলোচনার জন্য আগামী মাসেই ওখানে যেতে পারি।" পাকিস্তান-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ দেখতে বর্তমানে দুবাইতে আছেন আশরাফ। এদিকে মঙ্গলবার লাহোরে ভারত ও পাকিস্তানের অন্ধ ক্রিকেটাররা একটি প্রীতি ক্রিকেট ম্যাচ খেলেছে। অক্টোবরে দায়িত্ব গ্রহণ করা আশরাফ আরো বলেন, "যেখানে আমরা ভারতের সঙ্গে কাবাডি ও অন্ধদের ক্রিকেটের মত খেলাগুলো খেলতে পারি তবে শীর্ষ পর্যায়ের ক্রিকেট কেন নয়। এটা প্রমাণিত যে ভারত-পাকিস্তান সিরিজ ক্রিকেটের আকর্ষণীয় সিরিজগুলোর অন্যতম।" আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যত ক্রিকেট সূচী অনুযায়ী ২০১২ সালের মার্চ-এপ্রিলে ভারত সফরে যাওয়ার কথা পাকিস্তানের। সেখানে তাদের ৩টি টেস্ট ও ৫টি ওয়ানডে ম্যাচ খেলার কথা রয়েছে। তবে ভারত সরকার এখনো পরিষ্কার করে কিছু না জানানোয় অনিশ্চয়তার মুখে পড়েছে ওই সিরিজের ভবিষ্যত। মূলত ২০০৮ সালে মুম্বাইতে সন্ত্রাসী হমালার ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতি হয়। তারপর থেকে দল দুটি আর কোনো সিরিজ খেলেনি। এই সময়ে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ মিলিয়ে মাত্র তিনবার মুখোমুখি হয়েছে দল দুইটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭৫০ ঘ.