ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা বিশ্বকাপ বাছাই পর্বে আয়ারল্যান্ডকে ৯৫ রানে হারিয়ে দারুণ খুশি বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। ম্যাচশেষে তিনি জানান, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের অভাব ছিলো না তাদের মধ্যে।
২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক সময় আয়রল্যান্ডের সংগ্রহ ছিল ১ উইকেটে ৬৮। সে সময় মনের অবস্থা কেমন ছিলো জানতে চাইলে সালমা বলেন, "আমরা কখনোই আশা ছাড়িনি। জয়ের ব্যাপারে আমরা শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলাম।"
"এই ম্যাচে প্রত্যাশিত রান পাইনি। আশা করি পরের ম্যাচে প্রত্যাশা মতো রান করতে পারবো," যোগ করেন তিনি।
বাংলাদেশ দলের পাঁচ জনের রান আউটের ব্যাখ্যা প্রসঙ্গে সালমা বলেন, "শেষ ১০ ওভারের খেলা যখন শুরু হয় তখন আমাদের হাতে অনেকগুলো উইকেট। সবাই চেয়েছিলো রান রেট বাড়াতে। তাই এমন হয়েছে।"
খেলা শুরু হওয়ার আগেও সালমারা জানতেন আয়ারল্যান্ডকে হারালেই বাংলাদেশ ওয়ানডে মর্যাদা পাবে। কিন্তু নিজেদের ইনিংস শেষে সাজঘরে ফেরার পর জানতে পারেন জিতলেও এই অর্জনের জন্য আরো অপেক্ষা করতে হবে তাদের।
এ প্রসঙ্গে সালমা বলেন, "তথ্যটা জানার পরও আমরা এ নিয়ে মন খারাপ করিনি। আমরা জয়ের জন্যই খেলেছি।"
বড় ব্যবধানে হেরে যাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশায় আচ্ছন্ন আয়ারল্যান্ডের অধিনায়ক ইসোবেল জয়েস। তিনি বলেন, "আমরা খুবই হতাশ। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে আমাদের জয়ের সুযোগ ছিলো। কিন্তু আমরা তা কাজে লাগাতে পারিনি।"
"বাংলাদেশ ভালো খেলেছে। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়েছে তারা," যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮২৮ঘ.
bdnews24