২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাভোর শতকের পরও ইনিংস হার, সিরিজ ভারতের

ড্যারেন ব্রাভোর শতকের পরও রক্ষা পেলো না ওয়েস্ট ইন্ডিজ। ভারতের কাছে হার মানতে হলো এক ইনিংস ও ১৫ রানে। সেই সঙ্গে ভারত নিজের করে নিল তিন ম্যাচের টেস্ট সিরিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 09:35 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ড্যারেন ব্রাভোর শতকের পরও রক্ষা পেলো না ওয়েস্ট ইন্ডিজ। ভারতের কাছে হার মানতে হলো এক ইনিংস ও ১৫ রানে। সেই সঙ্গে ভারত নিজের করে নিল তিন ম্যাচের টেস্ট সিরিজ। কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের প্রথম পালার সাত উইকেটে ৬৩১ রানের জবাবে ১৫৩ রানে গুটিয়ে গেলে ফলো-অনে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় পালায় ওয়েস্ট ইন্ডিজ অনেক ভালো ব্যাট করলেও তাদের পালা থেমে যায় ৪৬৩ রানে। ফলো-অনে পড়ার পর এত রান ওয়েস্ট ইন্ডিজ আগে আর কখনো করেনি। বৃহস্পতিবার চতুর্থদিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ তিন উইকেটে ১৯৫ রান নিয়ে। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান ব্রাভো ৩৮ রানে নিয়ে খেলা শুরু করে টেস্ট-জীবনের দ্বিতীয় শতক আদায় করে নেন। শেষ পর্যন্ত থামেন তিনি ১৩৬ রানে। ব্রাভো তার ২৩০ বলের ইনিংসটি সাজান ১৬টি চার ও চারটি ছক্কা দিয়ে। প্রজ্ঞান ওঝার বলে রাহুল দ্রাবিড়ের হাতে ধরা পড়ে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন তিনি দলীয় ৪০১ রানের মাথায়। এতক্ষণ সফরকারীরা ছিল অন্য চেহারায়। কিন্তু ব্রাভোর বিদায়ের পর তারা অনুবাদ করে তাদের প্রথম পালার ব্যাটিং। ৬২ রানের মধ্যে হারিয়ে বসে শেষ পাঁচ উইকেট। যদিও মারলন স্যামুয়েলসের ব্যাট থেকে আসে ৮৪ রান। অধিনায়ক ড্যারেন স্যামিও খেলেন ২৮ বলে ৩২ রানের একটি ঝড়ো ইনিংস। স্যামুয়েলসের ১১১ বলের ইনিংসে রয়েছে ১৩টি চার ও একটি ছক্কা। স্যামি সীমানার ওপারে বল পাঠান একবার ও হাওয়ায় ভাসিয়ে তিনবার। এর আগে দিনের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন আগের দিনের অপর অপরাজিত ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপল। দলীয় ২৬৯ রানের মাথায় উমেশ যাদবের বলে বোল্ড হওয়ার আগে করেন ৪৭ রান। তার ৯৪ বলের ইনিংসে চার রয়েছে ছয়টি। দিনের খেলা শুরু করেন তিনি ২১ রান নিয়ে। ভারতের পক্ষে চার উইকেট নেন যাদব ৮০ রানে। এছাড়া দুটো করে উইকেট নেন ঈশান্ত শর্মা, ওঝা ও ররীচন্দ্রন অশ্বিন। এ জন্য শর্মা দেন ৯৫ রান, ওঝা ১০৪ ও অশ্বিন ১৩৭। প্রথম টেস্ট ভারত জিতে নেয় পাঁচ উইকেটে। তৃতীয় টেস্ট মুম্বাইয়ে শুরু হবে ২২ নভেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫১৮ ঘ.