ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন ত্রয়োদশ জাতীয় লিগের চতুর্থ পর্বের খেলায় আমির খানের নৈপুণ্যে ঘরের মাঠে তিনদিনেই ঢাকাকে ২৬ রানে হারিয়েছে চট্টগ্রাম। আমির ১৩৮ রানে নেন ১২ উইকেট।
দারুণ জমে উঠেছে খুলনা-রাজশাহী ম্যাচ। জয়ের জন্য শেষ দিন রাজশাহীর প্রয়োজন ২৩৮ রান। খুলনার চাই ১০ উইকেট। নিশ্চিত ড্রয়ের দিকে যাচ্ছে রংপুর-বরিশাল ম্যাচ। শতক পেয়েছেন বরিশালের অধিনায়ক শাহরিয়ার নাফীস।
ঢাকা-চট্টগ্রাম
জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ঢাকার প্রয়োজন ছিল ২১৫ রান। কিন্তু আমিরের মারাত্মক বোলিংয়ে ১৮৮ রানে অলআউট হয়ে যায় মোহাম্মদ শরীফের দল। আমির ৭৮ রানে নেন ৬ উইকেট। এর আগে প্রথম ইনিংসে ৬০ রানে নেন ৬ উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে ৭৭ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ঢাকা। শেষ তিন ব্যাটসম্যান নাজমুল অপু ৩৮, শাহাদাত হোসেন ৩০ ও মাহবুবুল আলম বেশ লড়াই করলেও শেষ পর্যন্ত তারা পরাজয়ের ব্যবধানই কমিয়েছেন কেবল। মাহবুব অপরাজিত থাকেন ১৯ রানে।
এর আগে ৯ উইকেটে ২১৩ রান নিয়ে দিনের খেলা শুরু করে চট্টগ্রাম। কোনো রান যোগ করার আগে অলআউট হয়ে যায় তারা। ঢাকার পক্ষে মোশারফ হোসেন ৭ উইকেট নেন ৬৪ রানে। এর আগে প্রথম ইনিংসে ৩৮ রানে নেন ৪ উইকেট।
রাজশাহী-খুলনা
যশোরে বোলাররা খুলনার বিপক্ষে তৃতীয় দিন খেলায় ফেরায় রাজশাহীকে। ২ উইকেটে ৭৫ রান নিয়ে দিনের খেলা শুরু করে দ্বিতীয় ইনিংসে ২১৪ রানে অলআউট হয়ে যায় খুলনা। প্রথম ইনিংসে দলটি এগিয়ে ছিল ৭১ রানে। ফলে জয়ের জন্য রাজশাহীর লক্ষ্য দাঁড়ায় ২৮৬ রান।
খুলনার পক্ষে সর্বোচ্চ ৫৪ রান আসে আনামুল হকের ব্যাট থেকে। এছাড়া তাপস ঘোষ ৪৫ ও সৌম্য সরকার ৩১ রান করেন।
রাজশাহীর পক্ষে সাকলায়েন সজীব ৩ উইকেট নেন ৫১ রানে।
দিন শেষে দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে রাজশাহীর সংগ্রহ ৪৮ রান। অভিষেক মিত্র ১৬ ও মিজানুর রহমান ২৭ রানে ব্যাট করছেন।
রংপুর-বরিশাল
তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে বরিশাল ১৪৮ রানে পিছিয়ে রয়েছে। এ পর্যন্ত তাদের সংগ্রহ ৪ উইকেটে ২৫৯ রান।
এর আগে ২ উইকেটে ৩৬ রান নিয়ে দিনের খেলা শুরু করে বরিশাল। 'নাইটওয়াচ ম্যান' সৈয়দ রাসেলের সঙ্গে ৮১ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দেন নাফীস। শুভাশীষ রায়ের বলে তানভীর হায়দারের হাতে ক্যাচ দেয়ার আগে রাসেল করেন ৩২ রান।
চতুর্থ উইকেটে জাভেদ ওমরের সঙ্গে ১৬৭ রানের জুটি গড়ে বরিশালকে শক্ত অবস্থানে নিয়ে যান নাফীস। নিজের শতকের পৌঁছার পর নাঈম ইসলাম জুনিয়রের বলে লিটন কুমারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন নাফীস (১১৫)। দলের রান তখন ২৫৯।
তিনি তার ২০১ বলের ইনিংসটি সাজান ১৮টি চার দিয়ে। জাভেদ ৬৯ ও ইফতেখার নাঈম ০ রানে অপরাজিত রয়েছেন।
রংপুরের পক্ষে শুভাশীষ ২ উইকেট নেন ৮৬ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০১৯ ঘ.
bdnews24