২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সব দলই ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত: কনডন

শুধু পাকিস্তান নয়, ক্রিকেটের শীর্ষস্থানীয় সব দেশই ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত বলে মনে করেন আইসিসির দুর্নীতি দমন শাখার সাবেক প্রধান পল কনডন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 03:30 PM

Updated : 07 Jul 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুধু পাকিস্তান নয়, ক্রিকেটের শীর্ষস্থানীয় সব দেশই ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত বলে মনে করেন আইসিসির দুর্নীতি দমন শাখার সাবেক প্রধান পল কনডন।

'লন্ডন ইভিনিং স্ট্যান্ডার্ড' পত্রিকাকে কনডন বলেন, "নব্বইয়ের দশকের শেষ দিক থেকেই টেস্ট ও বিশ্বকাপের ম্যাচগুলো প্রায় নিয়মিতভাবে গড়াপেটা হতো। বেশ কয়েকটি দলই গড়াপেটার সঙ্গে জড়িত ছিলো। নিঃসন্দেহে ঐ দলগুলোর বেশির ভাগই ছিলো ভারতীয় উপমহাদেশের।"

লন্ডন মেট্রোপলিটন পুলিশের সাবেক প্রধান কনডন আরো বলেন, "নব্বইয়ের দশকের শেষ দিকে অনেক ক্রিকেটারই জানতেন খেলাটায় আসলে কী ঘটছে। কিন্তু তারা এ ব্যাপারে কিছুই করেননি।"

কনডনের ধারণা এই সমস্যার শেকড় শুধু এশিয়াতে নয়, বরং ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটেও আছে। ৪০ ওভারের সানডে লিগ ও প্রথম শ্রেণীর চ্যাম্পিয়নশিপ অর্থাৎ কাউন্টি ক্রিকেটও এই সমস্যায় জর্জরিত বলে মনে করেন তিনি।

ইংল্যান্ডে ম্যাচ গড়াপেটার বর্ণনা দিতে গিয়ে কনডন বলেন, "ধরুন আপনি 'এ' দলের সদস্য এবং সানডে লিগে আপনার দল ওপরের দিকে আছে। আর আমি 'বি' দলের অধিনায়ক এবং আমার দলের সানডে লিগ জয়ের কোনো সম্ভাবনা নেই। তখন (মুখোমুখি লড়াইয়ের সময়) আপনি সানডে লিগের ঐ ম্যাচে যেন সর্বোচ্চ পয়েন্ট পান সে ব্যাপারে আপনার সঙ্গে সমঝোতাও করতে পারি আমি।"

"এরপর আপনি কাউন্টি চ্যাম্পিয়নশিপে তার প্রতিদান দিতে পারেন। তবে এই বন্ধুত্বপূর্ণ সমঝোতা দ্রুত ভয়ঙ্কর আকার ধারণ করে। সম্ভবত এটা গত শতাব্দীর আশির দশকে শুরু হয়," যোগ করেন তিনি।

ম্যাচ পাতানোর কলঙ্ক ক্রিকেট-বিশ্বে আলোড়ন তুললেও কনডন শুধু একবারই এই বিষয়ক তদন্তের সঙ্গে জড়িয়েছিলেন। সেটা ছিলো ২০০০ সালে হানসি ক্রনিয়ের বহুল আলোচিত ঘটনাটি।

কয়েক দিন আগে লন্ডনের একটি আদালত পাকিস্তানের তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। গত বছর অগাস্টে অনুষ্ঠিত লর্ডস টেস্টে 'স্পট ফিক্সিং' অর্থাৎ অর্থের বিনিময়ে ইচ্ছাকৃতভাবে নো বল করার ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের এই শাস্তি দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১২৪ঘ.