২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান সফরে যেতে পারে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, আইসিসির কাছ থেকে নিরাপত্তাজনিত ছাড়পত্র পেলে আগামী এপ্রিলে পাকিস্তান সফরে যেতে পারে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 02:45 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, আইসিসির কাছ থেকে নিরাপত্তাজনিত ছাড়পত্র পেলে আগামী এপ্রিলে পাকিস্তান সফরে যেতে পারে বাংলাদেশ। ২০০৯ সালের মার্চে লাহোরে সফরকারী শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের মাটিতে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়নি। ওই হামলায় ৮ জন নিহত এবং শ্রীলঙ্কার সহকারী কোচ ও ৭ জন খেলোয়াড় আহত হন। গত মে মাসে করাচির একটি সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পর শ্রীলঙ্কা পাকিস্তান সফরে যেতে অস্বীকৃতি জানায়। সিরিজটি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি জাকা আশরাফ জানিয়েছেন, পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে যথাসাধ্য চেষ্টা করছেন তারা। বাংলাদেশকে আমন্ত্রণের কথাও জানান তিনি। এই প্রসঙ্গে মুস্তফা কামাল বলেন, "আশরাফ পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আগ্রহী। তাই তিনি আমাদের আমন্ত্রণ জানিয়েছেন।" "আমাদের পাকিস্তান সফরে যাওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে তার আগে আমাদের আইসিসির নিরাপত্তাজনিত ছাড়পত্র পাওয়া প্রয়োজন," যোগ করেন তিনি। আইসিসির ভবিষ্যত সফরসূচি অনুযায়ী আগামী বছরের এপ্রিলে বাংলাদেশের পাকিস্তান সফরে যাওয়ার কথা। এই সফর নিয়ে আইসিসি কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করেছেন বলে জানান বিসিবি সভাপতি। তিনি বলেন, "এ ব্যাপারে আমি আইসিসি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। সিরিজটা হলে তাদের আম্পায়ার ও কর্মকর্তাদের পাঠাতে হবে। এ নিয়ে পিসিবি কর্মকর্তাদের সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাবো।" এ মাসের শেষ দিকেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। সে সময়ও আগামী এপ্রিলের সফর নিয়ে পিসিবি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন মুস্তফা কামাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৪৩ঘ.