২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেরেই গেল বাংলাদেশ 'এ' দল

শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশ 'এ' দলকে ১ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2011, 04:51 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বের ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশ 'এ' দলকে ১ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল। এ জয়ের ফলে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতল ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল। এর আগে প্রথম ম্যাচ ড্র হয়। জয়ের জন্য দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচে শেষ দিন স্বাগতিকদের প্রয়োজন ছিল ৭৫ রান। সফরকারীদের দরকার ছিল ৭ উইকেট। দশম উইকেটে সুনিল নারিন ও নেলন প্যাসকেল ১৭ রান যোগ করে দলকে জয় এনে দেন। নারিন ২৬ ও প্যাসকেল ১১ রানে অপরাজিত থাকেন। এর আগে ৩ উইকেটে ১৩৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল। আগের দিন ৫২ রানে অপরাজিত থাকা ডেনজা হায়াট (৬২) আর ১০ রান যোগ করে সোহরাওয়ার্দী শুভর বলে মিথুন আলীর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলে দিনের প্রথম সাফল্য পায় বাংলাদেশ 'এ' দল। দলের রান তখন ১৫৬। চতুর্থ উইকেটে হায়াট ও জোনাথন কার্টার ৮৩ রান যোগ করেন। এই জুটিই স্বাগতিকদের জয়ের ভিত গড়ে দেয়। চার রান পরেই হায়াটকে অনুসরণ করেন কার্টার (৫৫)। রবিউল ইসলামের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। ডেভন থমাস (৫), আন্দ্রে রাসেল (৭), বীরাসাম্মি পেরমাউল (৬) ও শ্যানন গ্যাব্রিয়েল (২) দ্রুত বিদায় নিলে ২০০ রানের মধ্যে ৯ উইকেট হারিয়ে বড় রকম বিপদে পড়ে স্বাগতিকরা। বাংলাদেশ 'এ' দলের পক্ষে শুভ ৪ উইকেট নেন ৮৪ রানে। রবিউল ৩ উইকেট নেন ৬৩ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৫১ ঘ.