২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মবিশ্বাস বাড়বে: সালমা

মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় জাপানকে ১০ উইকেটে হারানোয় দলের আত্মবিশ্বাস অনেক খানি বাড়বে বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2011, 06:24 AM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় জাপানকে ১০ উইকেটে হারানোয় দলের আত্মবিশ্বাস অনেক খানি বাড়বে বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সালমা বলেন, "এই জয় দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস অনেকখানি বাড়াবে।" "১০ উইকেটের এই জয়ের ফলে শীর্ষ ছয়ে খেলার পথে আমরা একধাপ এগিয়েছি। পরের ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে সেরা ছয় নিশ্চিত করাই আমাদের লক্ষ্য," যোগ করেন তিনি। নিজে নিয়েছেন ৫ উইকেট, সমান সংখ্যক উইকেট নিয়েছেন শুকতারা রহমানও। এ ব্যাপারে তিনি বলেন, "জাপান পেস বেশ ভালো খেলে, কিন্তু স্পিনে বেশ দুর্বল। সেকারণেই দ্রুত স্পিনাররাদের নিয়ে আসি। তারা ভালো বল করেছে।" "উইকেট বেশ ভালো। উইকেট থেকে স্পিনাররা সুবিধা পেয়েছেন," যোগ করেন তিনি। জাপানের সঙ্গে এর আগেও খেলেছেন সালমা। সেই অভিজ্ঞতা থেকে প্রতিপক্ষকে বেশ শক্তিশালী হিসেবেই বর্ণনা দিয়েছেন তিনি। "বাছাই পর্বে খেলতে আসা কোনো দলই দুর্বল নয়। এই পর্যায়ে দুর্বল কোনো দল নেই," যোগ করেন তিনি। এটাকে বাংলাদেশের সবচেয়ে বড় জয় হিসেবে বর্ণনা করেছেন তিনি। তিনি বলেন, "এর আগে কখনো ৫ ওভারের মধ্যে কোনো ম্যাচ জেতা হয়নি। এশিয়ান গেমসেও জাপান আমাদের বিপক্ষে ৫৭ রান করেছিল।" বাংলাদেশের ফিল্ডিং ও ব্যাটিং এই ম্যাচে আগের ম্যাচের চেয়ে অনেক ভালো হয়েছে বলে মনে করছেন সালমা। তিনি বলেন, "আমাদের ফিল্ডিং বেশ শক্তিশালী। আজ তারা বেশ কয়েকটি ভালো ক্যাচ ধরেছেন। গত ম্যাচের তুলনায় ব্যাটিং ভালো হয়েছে।" বিডিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১২২৫ ঘ.