ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ২৫ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে শ্রীলঙ্কা।
শুক্রবার একই মাঠে পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয়টিতে মুখোমুখি হবে দল দুটি।
সোমবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে উপুল থারাঙ্গা ও মাহেলা জয়াবর্ধনের অর্ধশতকের সুবাদে ৭ উইকেটে ২৩৫ রান করে শ্রীলঙ্কা। জবাবে উমর আকমলের অর্ধশতকের পরও ৪৬ ওভার ৩ বলে ২১০ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস।
জবাব দিতে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। লাসিথ মালিঙ্গার করা ওই ওভারের তৃতীয় বলে মোহাম্মদ হাফিজ (৪) ক্যাচ দেন কুমার সাঙ্গাকারার হাতে। দুই বল পরে ঠিক একই কাজ করেন ইউনুস খান (০)।
দলের বিপদ আরো বাড়িয়ে ১১ রানে বিদায় নেন ইমরান ফারহাত (৩)। থিসেরা পেরেরার বলে এইবিডব্লিউ হয়ে বিদায় নেন তিনি।
চতুর্থ উইকেটে অধিনায়ক মিসবাহ-উল-হকের সঙ্গে ৬৪ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন আকমল। দিলহারা ফার্নান্দোর বলে মিসবাহ (২১) এলবিডব্লিউ হয়ে গেলে আবারো চাপে পড়ে পাকিস্তান।
দলীয় ১০২ রানে আব্দুল রাজ্জাক (১১) রান আউট হয়ে খেলার পাল্লা শ্রীলঙ্কার দিকে অনেক খানি ঝুকে পড়ে। ষষ্ঠ উইকেটে আকমল ও উইকেটরক্ষক সরফরাজ আহমেদ ৬২ রান যোগ করে পাকিস্তানকে আবারো খেলায় ফেরান।
৩৮তম ওভারের শেষ বলে ফার্নান্দোর বলে দিনেশ চান্দিমালের হাতে ক্যাচ দিয়ে আকমল (৯১) বিদায় নিলে আবারো খেলায় ফিরে শ্র্রীলঙ্কা। তার ১০২ বলের ইনিংসে ৮টি চার ও ১টি ছয় রয়েছে।
পরের বলেই সরফরাজকে (২৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মালিঙ্গা। তারপরও খেলায় ছিল পাকিস্তান। আফ্রিদির দিকে তাকিয়ে ছিলেন তারা। ১৪ বলে ৩টি চার ও ১টি ছয় দিয়ে ২৯ রান করে আফ্রিদি দলকে ধীরে ধীরে লক্ষ্যের দিকেই নিয়ে যাচ্ছিলেন। কিন্তু দলীয় ১৯৯ রানে তিনি রান আউট হয়ে গেলে পাকিস্তানের সম্ভাবনা সেখনেই শেষ হয়ে যায়।
শ্রীলঙ্কার পক্ষে মালিঙ্গা ৩ উইকেট নেন ৩৬ রানে।
এর আগে উদ্বোধনী জুটিতে ৫৬ রান তুলে দলকে শক্ত ভিত গড়ে দেন ারাঙ্গা ও অধিনায়ক তিলকারতেœ দিলশান। আফ্রিদির বলে বোল্ড হয়ে সাজঘরের প ধরার আগে দিলশান করেন ২৮ রান।
দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয়েছেন কুমার সাঙ্গাকারা। মাত্র ৫ রান করে রাজ্জাকের বলে তার হাতেই ক্যাচ দেন তিনি।
তৃতীয় উইকেটে দিনের চান্দিমালের সঙ্গে ২৯ রানের একটি ছোট গড়েন থারাঙ্গা। আজমলের বলে চান্দিমাল (১৫) বিদায় নিলে চাপে পড়ে শ্রীলঙ্কা। সেখান থেকে দলকে টেনে তুলেন থারাঙ্গা ও জয়াবর্ধনে।
চতুর্থ উইকেটে তারা যোগ করেন ৮৫ রান। দলীয় ১৭৯ রানে আফ্রিদির বলে ইউনুসের হাতে ধরা পড়ার আগে ৭৭ রান করেন থারাঙ্গা। তার ১২০ বলের ইনিংসে ৮টি চার রয়েছে।
নিজের অর্ধশতকে পৌঁছেই বিদায় নেন জয়াবর্ধনে (৫০)। দলের রান তখন ২১০। তার ৫৭ বলের ইনিংসে ৫টি চার রয়েছে।
শেষ পর্যন্ত জীবন মেন্ডিস ও থিসেরা পেরেরা শ্রীলঙ্কাকে লড়াই করার মতো পুঁজি এনে দেন। পেরেরা ১৩ রান করে আউট হয়ে গেলেও মেন্ডিস ১৭ রানে অপরাজিত থাকেন।
পাকিস্তানের পক্ষে আজমল ৩ উইকেট নেন ৬১ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০৫৭ ঘ.
bdnews24