ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যৌন নিপীড়নের অভিযোগে পুলিশি তদন্তের মুখে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন প্রখ্যাত ধারাভাষ্যকার ও ক্রীড়া সাংবাদিক পিটার রুবাক। সোমবার এমনটাই জানিয়েছেন তার একজন সহকারী।
অস্ট্রেলিয়া ক্রিকেট দল এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা সফর রয়েছে। সেখানে অস্ট্রেলিয়ার মর্নিং হেরাল্ড ও এবিসি রেডিও'র হলে কাজ করছিলেন রুবাক। শনিবার রাত সোয়া নয়টার দিকে ক্লারেমন্টের একটি হোটেলে ৫৫ বছর বয়সী যুক্তরাজ্যের নাগরিক ও অস্ট্রেলিয়ার এই ধারাভাষ্যকার আত্মহত্যা করেন।
দক্ষিণ আফ্রিকা পুলিশ তার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছে।
অস্ট্রেলিয়ার পত্রিকা ফায়ারফক্স মিডিয়া জানায়, হোটেল কক্ষের জানালা দিয়ে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন এই ক্রীড়া লেখক।
১৯৮৪ সাল থেকে সিডনী মর্নিং হেরাল্ড ও দ্য এজ ইন মেলবোর্ন পত্রিকায় ক্রিকেট কলাম লিখতেন রুবাক। উভয় পত্রিকাতেই খবর বেরিয়েছে, যৌন কেলেঙ্কারির অভিযোগে পুলিশি তদন্তের মুখে পড়েছিলেন তিনি।
গত সপ্তাহে সংঘটিত একটি অপরাধের প্রেক্ষিতে পুলিশ দেখা করেছিলো রুবাকের সঙ্গে। যদিও পত্রিকা দুটি ঐ ঘটনা নিয়ে আর অন্য কোনো তথ্য জানায়নি।
ফায়ারফক্স জানায়, পুলিশ তার হোটেল কক্ষে প্রবেশের পর আরেক সাংবাদিকের কাছে সাহায্য চেয়ে চেয়েছিলেন রুবাক। রুবাক বলেছিলেন, "আপনি কি দ্রুত আমার রুমে আসতে পারবেন? আমি একটু সমস্যায় পড়েছি।"
ধারণা করা হচ্ছে, মৃত্যুর সময় পোষাকধারী একজন পুলিশ রুবাকের হোটেল কক্ষে অবস্থান করছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/২২০৫ ঘ.
bdnews24