ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৭৩ রানে হারের পেছনে দলের বাজে ফিল্ডিংকেই দায়ী করেছেন বাংলাদেশের কোচ মমতা মাবেন।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, "খুব গুরুত্বপূর্ণ সময়ে আমরা ক্যাচ ফেলেছি। প্রথম তিন উইকেট পড়ে যাওয়ার পর বেশ চাপে ছিল পাকিস্তান। আর ওই সময়ে নতুন দুই ব্যাটসম্যান একবার করে জীবন পায়।"
৫৬ রানে ৩ উইকেট পতনের পর চতুর্থ উইকেটে বিসমাহ মারুফ ও জেনেরিয়া খান ৭৮ রান যোগ করেন। এটাই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মনে করেন মমতা।
তিনি বলেন, "আমাদের ফিল্ডিং ভালো হয়নি। আমরা ২০/৩০ রান বেশি দিয়েছি। ১৭০/১৭৫ রানের মধ্যে তাদের আটকে রাখতে পারলে খেলার ফলাফল অন্যরকম হতে পারতো।"
টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তানকে বাংলাদেশের চেয়ে শক্তিশালী দল হিসেব বর্ণনা করেন মমতা। তিনি বলেন, "টেস্ট খেলার কারণে পাকিস্তান আমাদের চেয়ে অনেক অভিজ্ঞ। কিভাবে প্রান্ত বদল করে খেলতে হয় সেটা তারা জানে।"
শীর্ষ ছয়ে উঠতে হলে পরের দুই ম্যাচে আয়ারল্যান্ড ও জাপানকে হারাতেই হবে বাংলাদেশের। আর স্বাগতিকদের শেষ ম্যাচের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল বলে মনে করেন মমতা।
তিনি বলেন, "কাউকে খাটো করছি না, কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। শীর্ষ ছয়ে যেতে হলে আমাদের আয়াল্যান্ড ও জাপানকে হারাতেই হবে। ওই ম্যাচ দুটোই নির্ধারক হয়ে দাঁড়াবে।"
বাংলাদেশের শুরুটা ভালো হলেও মাঝসারির খেলোয়াড়রা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি বলে মনে করছেন মমতা। তিনি বলেন, "আমাদের শুরুটা ভালো ছিল। তবে তিন নম্বর ব্যাটসম্যান নিয়ে এখনো কাজ করার সুযোগ রয়েছে।"
"সালমা খাতুন, শুকতারা রহমান ও ফারজানা হককে আরো দায়িত্ব নিয়ে খেলতে হবে। জিততে হলে এই তিনজনের যে কোনো একজনকে বড় ইনিংস খেলতে হবে," যোগ করেন তিনি।
গত কয়েক ম্যাচে বাংলাদেশ ১২০ এর কোঠায় রান করলেও দলের ১৫০/১৬০ রান করার সামর্থ্য রয়েছে বলে মনে করেন মমতা।
তিনি বলেন, "আমি মনে করে উইকেট খুব ভালো হলে আমরা ১৯০ পর্যন্ত যেতে পারবো। তবে নিয়মিত ১৫০ বা তার কাছাকাছি রান করার সামর্থ্য আমাদের রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৬৪১ ঘ.
bdnews24