ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৭৩ রানে হেরেছে বাংলাদেশ।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার বি গ্র"পের খেলায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
বিসমাহ মারুফেরে অর্ধশতকের সুবাদে ৪৯ ওভার ৫ বলে অলআউট হওয়ার আগে ১৯৭ রান করে পাকিস্তান। জবাবে ৪২ ওভার ২ বল ১২৪ রানে অলআউট হয় বাংলাদেশ।
ব্যাট করতে নেমে আয়েশা আক্তার ও পান্না ঘোষ উদ্বোধনী জুটিতে ৩৩ রান যোগ করে সাবধানী সূচনা এনে দেন। কিন্তু পরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা।
সর্বোচ্চ ২৫ রান আসে অতিরিক্ত খাত থেকে। ছয়জন পৌঁছান দুই অঙ্কের ঘরে। কিন্তু কেউ নিজেদের ইনিংসকে তেমন বড় করতে পারেন নি।
আয়েশা ১৯, চামেলি খাতুন ১৪, লতা মণ্ডল ১৪ ও ফারজানা হক ১২ রান করেন।
পাকিস্তানের পক্ষে নিদা দার ৪ উইকেট নেন ৩৫ রানে।
এর আগে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে বল হাতে আলো ছড়িয়েছেন অফস্পিনার খাদিজা তুল কুবরা। তার ঘূর্ণি জালে বিভ্রান্ত হয়ে অনেক বড় সংগ্রহের ইঙ্গিত দেয়া পাকিস্তান অলআউট হয়ে যায় এক বল বাকি থাকতেই।
খাদিজা ৪ উইকেট নেন ৪১ রানে। পাকিস্তানের মেয়েরা ৩৬ রান যোগ করতেই হারায় শেষ ৬ উইকেট।
এর আগে চতুর্থ উইকেটে জাভেরিয়া খানের সঙ্গে ৭৮ রানের জুটি গড়ে দলকে ভালো ভিত গড়ে দেন বিসমাহ। দলীয় ১৩৪ রানে জাভেরিকে (৩০) ফিরিয়ে দিয়ে স্বাগতিকদের খেলায় ফেরান খাদিজা।
শেষ পর্যন্ত খাদিজা তৃতীয় শিকারে পরিণত হয়ে ৭৯ রান করে সাজঘরে ফেরেন বিসমাহ। দলের রান তখন ১৯৭। ওই রানেই শেষ দুই উইকেট হারায় পাকিস্তান।
এছাড়া কানিতা জলিল করেন ৩৩ রান।
বাংলাদেশের ফিল্ডাররা চারটি ক্যাচের সহজ সুযোগ হাত ছাড়া না করলে খেলার চিত্র অন্য রকম হতে পারতো। চতুর্থ উইকেটে ৭৮ রান যোগ করার পথে একবার করে জীবন পান বিসমাহ ও জাভেরিয়া।
বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুনের পরপর দুই ওভারে শুকতারা ও খাদিজা সুযোগ দুটি হাতছাড়া করেন।
সালমা ২৬ রানে ২ উইকেট নেয়ার পাশাপাশি তিনটি দুর্দান্ত ক্যাচ ধরেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৫২৬ ঘ.
bdnews24