২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো স্পিন পরীক্ষার সামনে ওয়েস্ট ইন্ডিজ

হরভজন সিং দলে না থাকলেও ভারতের স্পিন আক্রমণ বেশ শক্তিশালী। প্রথম টেস্টেই তার প্রমাণ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এবার ইডেন গার্ডেনে স্পিন সহায়ক পিচে আরো বড় পরীক্ষার সামনে পড়তে হবে তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2011, 03:51 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হরভজন সিং দলে না থাকলেও ভারতের স্পিন আক্রমণ বেশ শক্তিশালী। প্রথম টেস্টেই তার প্রমাণ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এবার ইডেন গার্ডেনে স্পিন সহায়ক পিচে আরো বড় পরীক্ষার সামনে পড়তে হবে তাদের। সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় খেলাটি শুরু হবে। প্রথম টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে ভারত। ইডেন গার্ডেনে জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করতে চায় ভারত। প্রজ্ঞান ওঝা ও রবীচন্দ্রন অশ্বিন প্রথম টেস্টে দলের বোলিং আক্রমণের নেতৃত্ব দিয়েছেন। দ্বিতীয় টেস্টে তারাই হবেন মহেন্দ্র সিং ধোনির মূল অস্ত্র। ইশান্ত শর্মার নেতৃত্বাধীন পেস আক্রমণও বেশ ভালো। তাদের কাছ থেকে শুরুতে উইকেট চাইবেন ধোনি। চোট কাটিয়ে দলের মূল ব্যাটসম্যানরা ফেরার পর আবারো পুরনো চেহারায় ফিরেছে ভারতের ব্যাটিং লাইন আপ। বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভির, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ ও ধোনির বিপক্ষে সফরকারী বোলারদের বড় পরীক্ষাই দিতে হবে। ভারতের স্পিনের বিপক্ষে বেশ ভালো রকম পরীক্ষা দিতে হবে জানেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামিও। তিনি বলেন, "জানি স্পিনে আমরা দুর্বল। স্পিনাররা নিজের লাইন লেন্থ পেয়ে গেলেই আমাদের ব্যাটিংয়ের দৈন্যদশা শুরু হয়ে যায়।" "স্পিনের বিপক্ষে রান করার একটা পথ আমাদের বের করতে হবে। স্পিনারদের কোনো ভাবেই আমাদের ওপর চেপে বসতে দেয়া যাবে না," যোগ করেন তিনি। ক্রিস গেইল, ডোয়াইন ব্র্যাভোর মতো খেলোয়াড়দের দলের রাইরে রাখায় পুরো চাপ নিতে হচ্ছে একা শিবনারায়ন চন্দরপলকে। প্রথম টেস্টে তিনি প্রায় একাই দলকে টেনেছেন। ভালো করতে হলে অন্য ব্যাটসম্যানদের সহায়তা তার প্রয়োজন। ভারতের মাটিতে পেস আক্রমণ দিয়ে ভারতকে কাবু করা বেশ কঠিন হবে। তার পরও প্রথম টেস্টে সফরকারী দলের পেসাররাই নিয়েছেন বেশির ভাগ উইকেট। টেস্ট জিততে হলে স্পিনারদের আরো বেশি উইকেট নিতে হবে। দিল্লি টেস্টে একেবারে সাদামাটা ছিলেন দেবেন্দ্র বিশু। ভারতের ব্যাটসম্যানরা স্পিনের বিপক্ষে বিশ্বসেরা। তাদের বিপক্ষে তাদের মাটিতে ভালো করা বেশ কঠিন হবে বিশুর জন্য। তবে সমতা ফেরাতে হলে দলের বোলিং আক্রমণের নেতৃত্ব দিতে হবে স্যামিকেই। শতকের শতক কী ইডেনেই পাবেন টেন্ডুলকার? জয়-পরাজয়ের চেয়েও অনেক বড় হয়ে উঠেছে এই প্রশ্ন। ভারতের অধিনায়ক ধোনি টেন্ডুলারের ওপর অহেতুক চাপ সৃষ্টি না করার অনুরোধ করলেও চাপ নিয়েই কিন্তু খেলতে হবে তাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২১৪৩ ঘ.