ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইসিসির তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত পাকিস্তানের দুই ক্রিকেটার কামরান আকমল ও ওহাব রিয়াজ। স্পট ফিক্সিং কেলেঙ্কারির দাগ নামের পাশ থেকে মুছে ফেলতেই তাদের এই সিদ্ধান্ত।
বর্তমানে জাতীয় দলে নেই এই দুই খেলোয়াড়।
রিয়াজ বলেন, "আমাকে কটাক্ষ করে সংবাদ মাধ্যমে যে লেখালেখি হচ্ছে তা আমার একদমই পছন্দ নয়। শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের সিরিজ থেকে নির্বাচকরা আমাকে বাদ দিয়েছেন। যা একান্তই তাদের সিদ্ধান্ত। তবে অনেকে কটাক্ষ করে বলছেন, আমার উপর স্পট ফিক্সিংয়ের কিছু অভিযোগ থাকার কারণেই নাকি আমাকে বাদ দেয়া হয়েছে। যা আমি কোনোভাবেই সহ্য করবো না।"
২০১০ সালের অগাস্টে লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে ইচ্ছাকৃতভাবে নো বল করার অপরাধে পাকিস্তানের দুই পেসার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির এবং ওই ম্যাচের অধিনায়ক সালমান বাটকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে লন্ডনের একটি আদালত।
খেলোয়াড়দের এজেন্ট মাজহার মাজিদেরও কারাদণ্ড দেয়া হয়েছে। গোপনে ধারণ করা এই মাজিদের অভিও এবং ভিডিও বার্তা থেকেই স্পট ফিক্সিং এর ঘটনা প্রকাশ পায়। যেখানে মাজিদ শাস্তি পাওয়া ওই তিন পাকিস্তানী ছাড়াও আরো চার পাকিস্তানী ক্রিকেটারের নাম বলেন, যাদের মধ্যে কামরান ও রিয়াজের নামও ছিলো।
কামরান জানান তিনি কিছুই বুঝতে পারছেন না। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, যদিও নৈপুণ্যের বিষয়টিও আছে, তবে যেহেতু লন্ডন শুনানিতে ওহাবের নাম দোষীদের তালিকায় এসেছে তাই তাকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে বাদ দেয়া হয়েছে। নিশ্চয়তা ও নিরাপত্তার জন্যই এটা করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯৩২ ঘ.
bdnews24