ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ সফরেও পাকিস্তানের অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মহসিন খান। ২৬ নভেম্বর পাকিস্তানের বাংলাদেশে আসার কথা।
এখনো পর্যন্ত কোচ না পাওয়ায় মহসিন খান দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গত সেপ্টেম্বরে জিম্বাবুয়ে সফরের পর ভগ্ন স্বাস্থ্যের কারণ দেখিয়ে ওয়াকার ইউনিস পাকিস্তানের কোচের পদ থেকে সরে দাঁড়ান। এরপর অক্টোবরের শুরুতে অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব নেন মহসিন।
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজে তার অধীনেই খেলছে পাকিস্তান। তিন ম্যাচের টেস্ট সিরিজ পাকিস্তান জিতেছে ১-০ ব্যবধানে।
বাংলাদেশ সফরে পাকিস্তান একটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৩৬ঘ.
bdnews24