২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সহজ জয়

স্পিনারদের কৃতিত্বে প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়েছে পাকিস্তান। তখনো হাতে ছিল ১৬৯ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2011, 03:18 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পিনারদের কৃতিত্বে প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়েছে পাকিস্তান। তখনো হাতে ছিল ১৬৯ বল। এ জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। সোমবার একই মাঠে দ্বিতীয় ম্যাচ খেলবে দল দুটি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার পাকিস্তানের স্পিনারদের ঘূর্ণিতে বিভ্রান্ত শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা একদমই সুবিধা করতে পারেন নি। টস জিতে ব্যাট করতে নেমে ৪০ ওভার ৩ বলে ১৩১ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। জবাবে ইমরান ফারহাত ও ইউনুস খানের অর্ধশতকের সুবাদে ২১ ওভার ৫ বলে ২ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কার মতো ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ১২ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। সুরাঙ্গা লাকমালের বলে নুয়ান কুলাসেকারার হাতে ধরা পড়েন মোহাম্মদ হাফিজ (৫)। দ্বিতীয় উইকেটে ফারহাত ও ইউনুস ১০৩ রান যোগ করে দলকে নিয়ে আসেন জয়ের পথে। নিজের অর্ধশতকে পৌঁছেই লাকমালের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ফারহাত (৫০)। জয় থেকে দল তখন ১৭ রান দূরে। ফারহাত তার ৬৫ বলের ইনিংসটি সাজান ৭টি চার দিয়ে। শেষ পর্যন্ত দলকে সহজ জয় এনে দেন ইউনুস ও সরফরাজ আহমেদ। ইউনুস ৫৬ ও সরফরাজ ৪ রানে অপরাজিত থাকেন। ইউনুসের ৫৭ বলের ইনিংসে ৭টি চার রয়েছে। শ্রীলঙ্কার পক্ষে লাকমাল ২ উইকেট নেন ১৬ রানে। এর আগে শ্রীলঙ্কাকে গুড়িয়ে দেন শহিদ আফ্রিদি, সাঈদ আজমল ও হাফিজ। সাময়িক অবসর ভেঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা আফ্রিদি ৩ উইকেট নেন ২৭ রানে। আজমল ও হাফিজ নেন দুটি করে উইকেট। এ জন্য আজমল দেন ২১ রান। হাফিজ ২৪। তিন স্পিনার সব মিলিয়ে ৭২ রান দিয়ে নেন ৮ উইকেট। দলীয় ১০৪ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন অ্যাঞ্জেলো ম্যাথিউস (১০)। এর পর আরো ২৭ রান যোগ করে শেষ ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। অব্যবহৃত থাকে ৫৭ বল। ম্যাচের দ্বিতীয় ওভারেই শ্রীলঙ্কার অধিনায়ক তিলকারতেœ দিলশানকে (৪) বোল্ড করে পাকিস্তানকে প্রথম সাফল্য এনে দেন আইজাজ চিমা। তাই ১২ রানেই ভেঙ্গে যায় উদ্বোধনী জুটি। টেস্ট সিরিজে ভালো খেলা কুমার সাঙ্গাকারাও বেশিক্ষণ টিকতে পারেননি । মাত্র ৫ রান করেই আব্দুল রাজ্জাকের বলে উইকেটরক্ষক সরফরাজ আহমেদের হাতে ক্যাচ দেন তিনি। এরপর উপুল থারাঙ্গা, দিনেশ চান্দিমাল ও মাহেলা জয়াবর্ধনে দুই অঙ্কের ঘরে পৌঁছলেও বড় ইনিংস খেলতে পারেননি কেউ। চান্দিমালের ব্যাট থেকে সর্বোচ্চ ২৮ রান। তার ৩১ বলের ইনিংসে ১টি চার ও ২টি ছয় রয়েছে। থারাঙ্গা ২৫ ও জয়াবর্ধনে ২৪ রান করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৫৫ ঘ.