২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার থেকে পাকিস্তান-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ

পাকিস্তান ও শ্রীলঙ্কার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে শুক্রবার থেকে। দুবাইয়ে প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2011, 01:38 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ও শ্রীলঙ্কার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে শুক্রবার থেকে। দুবাইয়ে প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। তিন টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয়ায় মানসিকভাবে কিছুটা হলেও পাকিস্তানের এগিয়ে থাকার কথা। যদিও পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হকের আশঙ্কা ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াবে। গত বিশ্বকাপে রানার্সআপ হওয়া শ্রীলঙ্কা আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে আছে। বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের কাছে হেরে যাওয়া পাকিস্তানের অবস্থান ৬ নম্বরে। বিশ্বকাপের গ্র"প পর্বে শ্রীলঙ্কাকে হারিয়েছিলো পাকিস্তান। তবু মিসবাহ মনে করেন দুদল সমান জায়গায় দাঁড়িয়েই ওয়ানডে সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে। তিনি বলেন, "ওয়ানডেতে শ্রীলঙ্কা খুবই শক্তিশালী দল। আমরা ভালোমতোই জানি যে আমাদের কঠিন লড়াইয়ের সামনে পড়তে হবে।" "তবে আমরাও লক্ষ্যের প্রতি অবিচল। প্রথম ম্যাচে দুদলের সামনেই জয়ের সমান সুযোগ আছে। কারণ ওরা বিশ্বকাপে ফাইনালে উঠেছে ঠিকই, তবে আমরাও ঐ টুর্নামেন্টের সেমিফাইনালিস্ট," যোগ করেন পাকিস্তানের অধিনায়ক। শহীদ আফ্রিদি ও আব্দুল রাজ্জাক ফেরায় দলের শক্তি অনেকখানি বেড়ে গেছে বলে মনে করেন মিসবাহ। তবে শ্রীলঙ্কাও পিছিয়ে নেই। লাসিথ মালিঙ্গার বিধ্বংসী ইয়র্কার তাদের বোলিং আক্রমণের এক বড় অস্ত্র। টেস্ট থেকে অবসর নিলেও সীমিত ওভারের ক্রিকেটে খেলছেন মালিঙ্গা। শ্রীলঙ্কার অধিনায়ক তিলকারতেœ দিলশানের বিশ্বাস, দুদলের মধ্যে ব্যবধান গড়ে দিতে পারেন মালিঙ্গাই। তিনি বলেন, "মালিঙ্গার দুর্দান্ত বোলিং ওয়ানডে ক্রিকেটে আমাদের শক্তিশালী দলে পরিণত করেছে। মাত্র দু মাস আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো একটা সিরিজও খেলেছি আমরা।" গত মে মাসে কুমার সাঙ্গাকারার কাছ থেকে নেতৃত্ব গ্রহণের পর এখন পর্যন্ত কোনো টেস্ট বা ওয়ানডে সিরিজ জিততে পারেননি দিলশান। তবে এবার ভিন্ন কিছু হবে বলেই তার ধারণা। তিনি বলেন, "টেস্ট সিরিজ থেকে পাওয়া ইতিবাচক দিকগুলো (ওয়ানডে সিরিজেও) আমরা ধরে রাখতে পারবো। মালিঙ্গা ও দিলহারা ফার্নান্দোর জন্য আমাদের বোলিং আক্রমণ এখন অভিজ্ঞতায় সমৃদ্ধ। আমাদের ব্যাটিংও বেশ শক্তিশালী। তাই আমাদের (সিরিজ জয়ের) বেশ ভালো সম্ভাবনা আছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৩৪ঘ.