২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকার ও লক্ষ্মণের ব্যাটিংয়ে ভারতের জয়

আগে থেকেই জয়ের সুবাস পাচ্ছিল ভারত। আর জয়ের আনুষ্ঠানিকতা সেরে নিল তারা বুধবার দ্বিতীয় সেশনে। শচীন টেন্ডুলকার শততম শতক না পেলেও তার ও ভিভিএস লক্ষ্মণের ব্যাটিংয়ের ওপর ভর করে ওয়েস্ট ইন্ডিজকে স্বাগতিকরা হারিয়েছে পাঁচ উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2011, 11:19 AM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগে থেকেই জয়ের সুবাস পাচ্ছিল ভারত। আর জয়ের আনুষ্ঠানিকতা সেরে নিল তারা বুধবার দ্বিতীয় সেশনে। শচীন টেন্ডুলকার শততম শতক না পেলেও তার ও ভিভিএস লক্ষ্মণের ব্যাটিংয়ের ওপর ভর করে ওয়েস্ট ইন্ডিজকে স্বাগতিকরা হারিয়েছে পাঁচ উইকেটে। নয়া দিল্লির ফিরোজ শাহ কোটলায় প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলার শুরুতে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১২৪ রান। টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও যুবরাজ সিংয়ের উইকেট হারিয়ে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে যায় তারা মধ্যাহ্ন-বিরতির কিছুক্ষণ পর। প্রথম পালায় ওয়েস্ট ইন্ডিজের ৩০৪ রানের জবাবে ২০৯ রানে গুটিয়ে গেলে ভারত পিছিয়ে পড়ে ৯৫ রানে। দ্বিতীয় পালায় সফরকারীরা ১৮০ রানে থেমে যায়। ফলে জয়ের জন্য স্বাগতিকদের দরকার হয় ২৭৫ রান। দুই উইকেটে ১৫২ রান নিয়ে দিনের খেলা শুরু করেই হোঁচট খায় ভারত। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান দ্রাবিড় নিজের রানের সঙ্গে মাত্র ১ যোগ করে সাজঘরের পথ ধরেন ফিদেল এডওয়ার্ডসের বলে বোল্ড হয়ে। তিনি খেলা শুরু করেছিলেন ৩০ রান নিয়ে। এডওয়ার্ডসের বলটি ছিল দেখার মতো। অফ-স্ট্যাম্পের সামান্য বাইরে পরে রিভার্স-সুইং করে ভেঙে দেয় দ্রাবিড়ের স্ট্যাম্প। তখন দলের রান ছিল ১৬২। এরপর অপর অপরাজিত ব্যাটসম্যান টেন্ডুলকারের সঙ্গে যোগ দেন লক্ষ্মণ। উইকেটে এসেই লেগ গ্ল্যান্স করে দুটো চার মেরে তিনি জানান দেন তার উপস্থিতির কথা। তখন থেকেই উইকেটে ছিল তার সাবলীল পদচারণা। শেষ পর্যন্ত দলকে জয়ের ঠিকানায় পৌঁছে দিয়ে লক্ষ্মণ সাজঘরে ফেরেন বিজয়ীর বেশে। তখন তিনি অপরাজিত ছিলেন ৫৮ রানে। তার ১০৫ বলের ইনিংসে রয়েছে ৬টি চার। এটি ছিল লক্ষ্মণের ৫৫তম অর্ধশতক। এর আগে ২৩৩ রানের মাথায় দেবেন্দ্র বিশুর বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন টেন্ডুলকার। ৩৩ রান নিয়ে দিনের খেলা শুরু করে তিনি থামেন ৭৬ রানে। সেই সঙ্গে আদায় করে নেন টেস্ট জীবনের ৬২তম অর্ধশতক। ১৪৮ বল খেলে সীমানার ওপারে বল পাঠান তিনি দশবার। এছাড়া ওয়েস্ট ইন্ডিস অধিনায়ক ড্যারেন স্যামির বলে বোল্ড হওয়ার আগে যুবরাজ সিং করেন ১৮। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৫৬ রানে দুই উইকেট নেন স্যামি। তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টি শুরু হবে ১৪ নভেম্বর কলকাতায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭০০ ঘ.