ঢাকা, নভেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নয়াদিল্লী টেস্টে জয়ের সুবাস পাচ্ছে ভারত। ২৭৪ রানের জয়ের লক্ষ্যে মঙ্গলবার টেস্টের তৃতীয় দিনে ১৫২ রান তুলেছে স্বাগতিকরা। হারিয়েছে মাত্র দুই উইকেট।
১১৬ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শুরু করেছিলো সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। তাদের হাতে ছিলো আট উইকেট। ধীর ও নিচু উইকেটে তারাই ছিলো চালকের আসনে।
অভিষিক্ত রবিচন্দ্রন অশ্বিন ম্যাচে ফিরিয়ে আনেন সাম্যাবস্থা। ছয় উইকেট শিকার করে সফরকারীদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে দেন ১৮০ রানে।
ভারতের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৭৪। প্রথম ইনিংসের ন্যায় দ্বিতীয় ইনিংসেও আগ্রাসী ছিলেন বীরেন্দর শেবাগ। ৫টি চার ও ২টি ছয়ে তার ঝড়ো ৫৫ রানের (৫৫ বলে) ইনিংসটি কারণে দিন শেষে টেস্টের নাটাই ভারতের হাতে।
প্রথম ইনিংসেও শেবাগ ৫৫ রান করেন। বল খেলেন ৪৬টি।
অপর উদ্বোধনী গৌতম গম্ভীর করেন ২২ রান। দিন শেষে ক্রিজে আছেন শচীন টেন্ডুলকার (৩৩) ও রাহুল দ্রাবিড় (৩০)।
দলীয় ২১ রানে সোমবার সকালে ব্যাট করতে নামে ড্যারেন সামির দল।
নাইটওয়াচম্যান ফিডেল এডওয়ার্ডকে দিনের শুরুতে সাজঘরে ফেরত পাঠান ইশান্ত শর্মা। ফলে ২৬ রানে তৃতীয় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ৫৩ রানে কার্ক এডওয়ার্ডসও উমেশ যাদবের বলে ফিডেলকে অনুসরণ করেন।
এরপর অশ্বিনের ঘূর্ণিজালের ফাঁদে পড়েন সফরকারী ব্যাটসম্যানরা। শেষ সাত উইকেটের ছয়টি অশ্বিনের। মাঝে কার্লটন গাফকে ফেরান যাদব।
ছয় উইকেট নিতে অশ্বিনের খরচ হয় ৪৭ রান।
৮৪ রানে সাত উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজকে ১০০ রানের নিচে অলআউট হওয়ার লজ্জা থেকেই বাঁচান সামি (৪২) ও প্রথম ইনিংসে শতক হাঁকানো শিবনারায়ণ চন্দরপল (৪৭)।
দলীয় ১২৪ রানে বিদায় নেন চন্দরপল। তবে শেষ দুই উইকেটে ৫৬ রান আসায় দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ১৮০। ফলে ভারতের সামনে দাড়ায় ২৭৪ রানের কঠিন লক্ষ্যমাত্রা।
জবাবে, পেন্ডুলামের মতো দুলতে থাকা টেস্টের পাল্লা ভারতের দিকে ভারী করে শেবাগের ৫৫ রান।
৫১ রানে গম্ভীর ও ৯৫ রানে শেবাগের উইকেট হারায় স্বাগতিকরা। টেন্ডুলকার-দ্রাবিড়ের ৫৭ রানের জুটিতে আর কোনো বিপদে পড়েনি মহেন্দ্র সিং ধোনির দল।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করে ৩০৪ রান। আর ভারতের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২০৯ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৯১৭ ঘ.
bdnews24