২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লীতে বোলারদের রাজত্ব

সোমবার দিল্লী টেস্টের দ্বিতীয় দিনে ১৭টি উইকেট নিয়ে বোলাররা রাজত্ব করেছে। দিন শেষে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে তুলেছে ২১ রান। ভারতের চেয়ে ১১৬ রানে এগিয়ে আছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2011, 02:47 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোমবার দিল্লী টেস্টের দ্বিতীয় দিনে ১৭টি উইকেট নিয়ে বোলাররা রাজত্ব করেছে। দিন শেষে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে তুলেছে ২১ রান। ভারতের চেয়ে ১১৬ রানে এগিয়ে আছে তারা। ফিরোজ শাহ কোটলায় দ্বিতীয় দিনে ৫ উইকেটে ২৫৬ রানে ব্যাট করতে নেমে ৩০৪ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। এরপর ভারতকে প্রথম ইনিংস ২০৯ রানে গুটিয়ে ৯৫ রানের লিড নেয় সফরকারীরা। সাড়ে তিন বছরে মধ্যে ঘরের মাঠে এটাই ভারতের সর্বনিম্ম সংগ্রহ। তবে শেষ বিকেলে ভারতীয়দের আনন্দের উপলক্ষ্য এনে দেন দুই স্পিনার প্রজ্ঞান ওঝা ও রবিচন্দ্রন অশ্বিন। ২১ রানে সফরকারীদের দুই উইকেট তুলে নেন তারা। সোমবার সকালে ৪৮ রানে শেষ ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ওঝা ৩ উইকেট নিয়ে সফরকারীদের 'লেজ' মুড়ে দেন। আগের দিনের ১১১ রানের ইনিংসটির সাথে মাত্র ৭ রান যোগ করে ইশান্ত শর্মার বলে এলবিডব্লিউ হন শিবনারায়ণ চন্দরপল। ওঝা ৭২ রান দিয়ে মোট ৬ উইকেট নেন। অশ্বিনের ৩ উইকেট নেন ৮১ রানের বিনিময়ে। দিল্লীর নিচু ও ধীর উইকেটে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের চমকে দেন ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর ও বীবেন্দর শেবাগ। মাত্র ১২ ওভার ৩ বলে ৮৯ রানের জুটি গড়েন তারা। ড্যারেন সামি গম্ভীরকে (৪১) রান আউট করে সেই জুটি ভাঙ্গেন। এরপর শুরু হয় আসা-যাওয়ার মিছিল। ভারতের দুর্দান্ত ব্যাটিং সারি ওয়েস্ট ইন্ডিজ বোলারদের সামনে অসসহায় আত্মসমর্পন করে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা স্বাগতিকদের ইনিংস থামে ২০৯ রানে। ৯টি চারের সাহায্যে শেবাগ করেন ৫৫ রান। রাহুল দ্রাবিড়ের ব্যাট থেকে আসে ৫৪ রান। তিনি চার হাঁকান ৩টি। অধিনায়ক সামি ৩৫ রানে ৩ উইকেট নিয়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দেন। রবি রামপল ও দেবেন্দ্র বিশু নেন দুটি করে উইকেট। দিনের অবশিষ্ট ১৪ ওভারে ক্রেইগ ব্র্যাথওয়েইট ও কিয়েরন পাওয়েলকে আউট করে ভারতকে ম্যাচে ফেরান বোলাররা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/২০৩৭ ঘ.