ঢাকা, নভেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) 'স্পট ফিক্সিং' কেলেঙ্কারির সঙ্গে জড়িত খেলোয়াড়দের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেয়নি স্কটল্যান্ড ইয়ার্ড। তারা আশঙ্কা করেছিল, এতে খেলোয়াড়দের বিরুদ্ধে তদন্ত ব্যহত হতে পারে।
গত বছরের অগাস্টে লর্ডস টেস্টের কিছু অংশ 'ফিক্স' করার সঙ্গে জড়িত থাকার দায়ে সেই টেস্টের অধিনায়ক সালমান বাটকে ৩০ মাসের, মোহাম্মদ আসিফকে ১২ মাসের, মোহাম্মদ আমিরকে ৬ মাসের ও তাদের এজেন্ট মাজহার মাজিদকে ৩২ মাসের কারাদণ্ড দেয়া হয়।
ঘটনার কথা জানাজানি হওয়ার পর স্কটল্যান্ড ইয়ার্ড লন্ডনে পাকিস্তান দলের খেলোয়াড়দের কক্ষে তল্লাশি চালায়। সে সময় খেলোয়াড়দের জিজ্ঞাসাবাদও করে তারা। তলব করলেই পাকিস্তান কর্তৃপক্ষের কাছ থেকে ফেরত পাঠানোর নিশ্চয়তা পাওয়ার পরই কেবল তাদের (ক্রিকেটার) দেশে ফিরে যাওয়ার অনুমতি দেয়া হয়।
স্কটল্যান্ড ইয়ার্ডের সহকারী কমিশনার ২০১০ সালের ১ সেপ্টেম্বর পিসিবির তখনকার চেয়ারম্যানকে একটি চিঠি লেখেন। এতে তদন্তের স্বার্থে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার অনুরোধ জানানো হয়।
অথচ সে সময় সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা খেলোয়াড়দের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার জন্য পিসিবির সমালোচনায় মেতে উঠেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৪৫ ঘ.
bdnews24