ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শারজায় তৃতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে ছিলো বোলারদের রাজত্ব। রোববার উইকেট পড়েছে ৯টি । দিন শেষে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৫ উইকেটে ১৬৪ রান।
প্রথম ইনিংসে ৭৩ রানের লিড পাওয়ায় সব মিলিয়ে শ্রীলঙ্কা এগিয়ে ২৩৭ রানে। এর আগে ৩৪০ রানে শেষ হয় পাকিস্তানের প্রথম ইনিংস।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ককে হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। উমর গুলের বলে তিলকারতেœ দিলশান (৪) ফিরে আসার সময় শ্রীলঙ্কার দলীয় রান ছিলো মাত্র ৫।
তবে অন্য উদ্বোধনী ব্যাটসম্যান থারাঙ্গা পারানাভিতানা ও প্রথম ইনিংসে শতক করা কুমার সাঙ্গাকারার ৭৫ রানের জুটি অনেকটাই স্বস্তি ফিরিয়ে আনে শ্রীলঙ্কার সাজঘরে।
সাঙ্গাকারা ৫১ রান করে মোহাম্মদ হাফিজের শিকারে পরিণত হন।
এরপর মাহেলা জয়াবর্ধনেকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ৪৭ রান যোগ করেন পারানাভিতানা। ২০ রান করা জয়াবর্ধনেকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন গুল।
এরপর সাঈদ আজমল অ্যাঞ্জেলো ম্যাথিউস (১৩) ও কৌশল সিলভাকে (০) এলবিডব্লিউ করে ম্যাচে ফিরিয়ে আনেন পাকিস্তানকে।
গুল ৩৫ রানে ও আজমল ৪৪ রানের বিনিময়ে ২টি করে উইকেট নেন।
এর আগে ৬ উইকেটে ২৮২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে পাকিস্তান। দলীয় সংগ্রহে কোনো রান যোগ হওয়ার আগেই বিদায় নেন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান আব্দুর রেহমান (৩)।
উমর গুলও (৫) দ্রুত বিদায় নিলে তিন শ'র মধ্যে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে যায় পাকিস্তান। তবে আগের দিনের অন্য অপরাজিত ব্যাটসম্যান অধিনায়ক মিসবাহ-উল-হক ও সাঈদ আজমলের দৃঢ়তায় সাড়ে তিন শ'র কাছাকাছি যেতে পারে তারা।
মিসবাহ ৭টি চার ও একটি ছক্কায় ২৬১ বলে ৮৯ রান করেন। ৩৯ বল খেলে ১২ রান করেন আজমল।
৮৭ রানে ৫ উইকেট নেন চানাকা ওয়েলেগেদারা। টেস্টে এটি তার প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার। ৮৫ রানের বিনিময়ে রঙ্গনা হেরাথ নেন ৩ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১১৯ঘ.
bdnews24