ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউনুস খানের শতকের সুবাদে শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৬ উইকেট ২৮২ রান করেছে পাকিস্তান।
১২টি চার ও ২টি ছয়ের সাহায্যে ২১১ বলে ১২২ রান করেন ইউনুস। এটা তার অষ্টাদশ টেস্ট শতক।
অধিনায়ক মিসবাহ-উল-হক ৫০ ও আব্দুর রেহমান ৭ রানে ব্যাট করছেন।
শারজা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ২ উইকেট ৩৫ রান নিয়ে কিছুটা পিছিয়ে থেকেই শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান আজহার আলী ও ইউনুস মিলে দ্বিতীয় দিন বিকালের ধাক্কাটা সামলে উঠে এদিন দলকে এগিয়ে নিতে থাকেন।
দিনের দ্বিতীয় পানিপানের বিরতির কিছুক্ষণ আগ পর্যন্ত অপরাজিত থেকে ৯৮ রানের মহাগুরুত্বপূর্ণ এক জুটি গড়ে তোলেন তারা।
আজহার ৬টি চারের সাহায্যে ১৬৪ বল মোকাবেলা করে ৫৩ রান করেন।
ইউনুসের সঙ্গী হয়ে আসেন মিসবাহ। শ্রীলঙ্কার বোলারদের হতাশ করে এই জুটি ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে আসতে থাকেন। তবে জুটিতে ঠিক ১০০ রান তোলার পর চনাকা ওয়েলেগেদারার বলে বোল্ড হয়ে যান ইউনুস।
শেষ বিকালে পাকিস্তানের আরো দুইটি উইকেট তুলে নিয়ে খেলায় ফেরে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার পক্ষে ওয়েলেগেদারা ৬২ রান দিয়ে নেন ৩ উইকেট। রঙ্গনা হেরাথ নেন ২ উইকেট।
কুমার সাঙ্গাকারার শতকের সুবাদে প্রথম ইনিংসে ৪১৩ রান করে শ্রীলঙ্কা।
তিন ম্যাচ সিরিজে পাকিস্তান ১-০ তে এগিয়ে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯৫৮ ঘ.
bdnews24