ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পট ফিক্সিংয়ের অপরাধে শাস্তি পাওয়ার উদাহরণ ভবিষ্যত ক্রিকেটের জন্য ভালো কিছু বয়ে আনবে বলেই আশা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক কোচ ওয়াকার ইউনুস।
বর্তমানে দুবাইতে অবস্থান করছেন ওয়াকার। সেখানে তিনি বলেন, " আমার বিশ্বাস এই বিচার ও শাস্তি ভবিষ্যতে ক্রিকেটের জন্য ভালো কিছুই বয়ে আনবে। অন্য খেলোয়াড়দের জন্য এটা সতর্ক-বার্তাও বটে।"
স্পট ফিক্সিং কেলেঙ্কারিকে তার কোচিং জীবনের সবচেয়ে কালো অধ্যায় বলে বর্ণনা করেন স¤প্রতি পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো ওয়াকার।
গত বছর সেপ্টেম্বরে পাকিস্তানের তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের স্পট ফিক্সিং কেলেঙ্কারির কথা যখন প্রথমবারের মত ফাঁস হয় তখন দলের কোচের দায়িত্বে ছিলেন ওয়াকার।
কয়েক দিন পরই আইসিসির দূর্নীতি দমন কমিশন ওই তিন ক্রিকেটারকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করে।
সর্বশেষ লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালত বৃহস্পতিবার বাটকে আড়াই বছর, আসিফকে এক বছর ও আমিরকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেয়।
সেপ্টেম্বরের ওই কেলেঙ্কারির পরই অশান্ত পাকিস্তানের ক্রিকেট। এর মধ্যেও খেলায় মনোযোগ ধরে রাখতে পারায় পাকিস্তানের বর্তমান দলটির প্রশংসা করেছেন ওয়াকার।
তিনি বলেন, "এই অন্ধকারচ্ছন্ন সময়েও খেলার প্রতি পূর্ণ মনোযোগে ধরে রাখা ও ভালো খেলার জন্য আমি আমাদের দলকে সালাম জানাই। কারণ ওই কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর তাদের প্রচন্ড চাপ ও কঠিন নজরদারিতে থাকতে হয়েছে।"
এইসব ঘটনার কারণে ওই ক্রিকেটারদের পরিবারের উপর দিয়ে যে ঝড় বয়ে যাচ্ছে তাতে ওয়াকার নিজেও দুঃখ প্রকাশ করেছেন। তবে দল ও দেশের সম্মানকে ভূলুণ্ঠিত করা ওই তিন খেলোয়াড়ের জন্য তার কোনো সমবেদনা নেই বলেও তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮৩১ ঘ.
bdnews24