ঢাকা, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের তিন ক্রিকেটারের 'স্পট ফিক্সিং'র সঙ্গে জড়িত হওয়ার পারিপার্শ্বিকতা খতিয়ে দেখার পরিকল্পনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
দলের সঙ্গে দুর্নীতি দমন বিষয়ক কয়েকজন কর্মকর্তা পাঠানোর পরও খেলোয়াড়দের 'স্পট ফিক্সিং'র সঙ্গে জড়িত হয়ে পড়াকে বিস্ময়কর বলে অভিহিত করেন বোর্ডের নতুন চেয়ারম্যান জাকা আশরাফ।
তিনি বলেন, "আমাদের দুর্নীতি দমন কর্মকর্তারা দলের সঙ্গে ছিলেন। তারপরও খেলোয়াড়রা কিভাবে এই কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে পড়লেন, তা জানার জন্য সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।"
তদন্ত শুরুর আগে রায়ের বিস্তারিত কাগজ-পত্র পাওয়ার জন্য বোর্ড অপেক্ষা করবে বলে তিনি জানান।
খেলোয়াড়দের এজেন্ট মাজহার মাজিদের সন্দেজনক কর্মকাণ্ডের পরও তার সঙ্গে খেলোয়াড়দের মেলামেশার সুযোগ দেয়ায় পাকিস্তানের সাবেক টেস্ট ক্রিকেটাররা টিম ম্যানেজমেন্ট, বিশেষ করে দলের ম্যানেজার ইয়াওয়ার সাঈদ ও নিরাপত্তা ম্যানেজার খাজা নাজামকে দায়ী করছেন।
সাবেক অধিনায়ক রশিদ লতিফ ও মঈন খান বলেছেন, কার অবহেলায় পাকিস্তানের ক্রিকেটের সুনাম নষ্ট হলো তা উদঘাটন করার জন্য বোর্ড ও সরকারের তদন্ত করে দেখা দরকার।
প্রতারণা ও অবৈধভাবে অর্থ নেয়ার ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণ হওয়ায় লন্ডনের একটি আদালত গত মঙ্গলবার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে দোষী সাব্যস্ত করে। দু'দিন পর তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করা হয়। এর মধ্যে বাটকে ৩০ মাস, আসিফকে ১২ মাস, আমিরকে ৬ মাস ও তাদের এজেন্ট মাজহার মাজিদকে দেয়া হয় ৩২ মাসের কারাদণ্ড।
বিচারে এটিই প্রমাণ হয় যে, গত বছর লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে একটি নো-বল করেন আসিফ। দুটি নো-বল করার কথা স্বীকার করেন আমির। আর এতে নাটের গুরুর ভূমিকা পালন করেন সেই টেস্টের অধিনায়ক সালমান বাট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫১২ ঘ.
bdnews24