ঢাকা, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পায়ের গোড়ালিতে চোট পাওয়ায় বাংলাদেশ এ দলের বিপক্ষে চারদিনের দুটি ম্যাচে খেলতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।
ওয়েস্ট ইন্ডিজ এ দলের অধিনায়ক হিসেবে ব্রাভোর নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু চারদিনের প্রথম ম্যাচ শুরুর একদিন আগে অনুশীলনের সময় চোট পান তিনি। এরই মধ্যে ফিরে গেছেন ত্রিনিদাদ ও টোব্যাগো।
ব্রাভোর জায়গায় অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে বীরাসামি পারমলকে। তবে বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়নি।
২০০৮ সালের পর থেকে চোট পিছু ছাড়ছে না ব্রাভোর। মূলত তখনই তিনি গোড়ালিতে প্রথম চোট পান। ফলে সে সময় আট মাস তাকে থাকতে হয় দর্শক হয়ে।
এ বছর বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের প্রথম খেলাতেই হাঁটুতে চোট পান ব্রাভো। সেই সঙ্গে শেষ হয়ে যায় তার বিশ্বকাপ।
চারদিনের প্রথম খেলা অ্যান্টিগুয়ায় ৫ নভেম্বর শুরু হওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৫০ ঘ.
bdnews24