২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারের শততম শতকের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের ওপর ছায়া ফেলছে শচীন টেন্ডুলকারের শততম শতকের জন্য ঐকান্তিক অপেক্ষা। এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতক হাঁকানোর পর থেকেই জল্পনা-কল্পনার শেষ নেই এ ব্যাপারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2011, 12:46 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের ওপর ছায়া ফেলছে শচীন টেন্ডুলকারের শততম শতকের জন্য ঐকান্তিক অপেক্ষা। এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতক হাঁকানোর পর থেকেই জল্পনা-কল্পনার শেষ নেই এ ব্যাপারে। লাখ লাখ ক্রিকেট-ভক্ত আশা করেছিলেন স¤প্রতি ইংল্যান্ড সফরেই শততম শতকের মুখ দেখবেন টেন্ডুলকার। কিন্তু তিন অঙ্কের কোনো ইনিংস খেলতে পারেননি তিনি। এরপর পায়ের আঙ্গুলের আঘাতের কারণে ইংল্যান্ড ও দেশের মাটিতে খেলতে পারেননি একদিনের সিরিজ। এদিকে বিপর্যস্ত ইংল্যান্ড সফরের পর এই সিরিজে টেস্ট-ভাবমূর্তি পূনরুদ্ধার করতে চাইবে স্বাগতিকরা। ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের সব খেলায় হার মানায় র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান হারিয়েছে ভারত। একদিনের সিরিজও ভারত হেরেছে ৩-০ ব্যবধানে। তবে গত মাসে দেশের মাটিতে একদিনের সিরিজে অবশ্য ভালোই জবাব দিয়েছে উপমহাদেশের দলটি। পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ডকে হারিয়েছে সব খেলায়। এছাড়া অস্ট্রেলিয়া সফরের আগে মূল খেলোয়াড়দের 'ফর্ম' ও 'ফিটনেস'ও যাচাই করে দেখতে চাইবে ভারত। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ভারতের মাঝের সারির ব্যাটসম্যান ভেঙ্কটসাই লক্ষ্মণ বলেন, "বিশেষ করে, ইংল্যান্ডে খারাপ খেলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নজর কাড়ার মতো করে ঘুরে দাঁড়িয়ে আবারো শীর্ষ স্থান ফিরে পেতে চাই আমরা। একদিনের সিরিজের সব খেলাতে ইংল্যান্ডকে হারানোর মধ্য দিয়ে আমাদের একদিনের দল চমৎকার জবাব দিয়েছে।" "আশা করছি, টেস্ট দলও জয় লাভের মধ্য দিয়ে মৌসুম শুরু করবে, যাতে অস্ট্রেলিয়া রওয়ানা দেয়ার আগে আমরা খুবই আস্থাবান থাকতে পারি," যোগ করেন তিনি। চোট থেকে সেরে ওঠায় টেন্ডুলকার, উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ, পেসার ইশান্ত শর্মা ও অলরাউন্ডার যুবরাজ সিং দলে ফিরেছেন। ইংল্যান্ড সফরে তাদের সবাই চোট পেয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষিত ভারত দলে চারজন নতুন খেলোয়াড় নেয়া হয়েছে। তারা হলেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রাহুল শর্মা এবং পেসার বরুন অরুন ও উমেশ যাদব। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে দলে নেই ভারতের পেস আক্রমণের মূল অস্ত্র জহির খান। আর ইংল্যান্ড সফরে খারাপ খেলায় বাদ পড়েছেন হরভজন সিং। সফরে দুই টেস্টে মাত্র দুই উইকেট নেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে রোববার নয়া দিল্লিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮২৯ ঘ.