ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড একমাত্র টেস্টের তৃতীয় দিনে ছিলো বোলারদের রাজত্ব। বৃহস্পতিবার সারা দিনে উইকেট পড়েছে ১১টি। দিন শেষে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ২ উইকেটে ২৮ রান। এর আগে জিম্বাবুয়ের প্রথম ইনিংস ৩১৩ রানে শেষ হওয়ায় ১১৩ রানের লিড পায় অতিথিরা।
মার্টিন গাপটিলের শতক এবং রস টেলর ও ডিন ব্রাউনলির অর্ধশতকের সুবাদে প্রথম ইনিংসে ৪২৬ রান করে নিউজিল্যান্ড।
শেষ বিকেলে ব্যাট করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম (১১) ও মার্টিন গাপটিলকে (০) হারিয়ে কিছুটা হলেও তারা অস্বস্তিতে।
এর আগে ১ উইকেটে ৮২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। কোনো রান না করেই বিদায় নেন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা (২২)।
তবে শুরুর ধাক্কা সামলে টাটেন্ডা টাইবুকে নিয়ে স্বাগতিক-শিবিরে অনেকটাই স্বস্তি ফিরিয়ে আনেন অন্য অপরাজিত ব্যাটসম্যান ভুসি সিবান্দা। তৃতীয় উইকেটে ৭৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে তোলেন তারা।
মাত্র ৭ রানের জন্য শতক বঞ্চিত হন সিবান্দা। ১১টি চার ও একটি ছয়ের সাহায্যে ১৯৩ বলে ৯৩ রান করেন তিনি।
টাইবু ৭৫ বলে করেন ৫০ রান।
এর পর ষষ্ঠ উইকেটে ম্যালকম ওয়ালার ও রেগিস চাকাবভা ৮৬ রানের আরেকটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন।
চাকাবভা ১১৫ বলে ৩৭ রানের ধৈর্যশীল ইনিংস খেললেও শেষ পর্যন্ত দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন।
বাকি চার ব্যাটসম্যানের আর কেউই ওয়ালারকে সঙ্গ দিতে পারেননি। ড্যানিয়েল ভেট্টরির ঘূর্ণিতে বিপর্যস্ত জিম্বাবুয়ে শেষ হয়ে যায় ৩১৩ রানেই।
১৩৩ বল খেলে ৯টি চার ও একটি ছক্কায় ৭২ রান করে অপরাজিত থাকেন ওয়ালার।
৭০ রানে ৫ উইকেট নেন ভেট্টরি। টেস্টে এটি তার ২০তম বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৫৭ঘ.
bdnews24