ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত বছরের জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট সিরিজ নিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
সালমান বাটদের 'স্পট ফিক্সিং' মামলার তদন্তে মোবাইল ফোনে আদান-প্রদান হওয়া কয়েকটি খুদে বার্তার (এসএমএস) সন্ধান পাওয়া গেছে । মাজহার মাজিদ যে পাকিস্তানের ক্রিকেটারদের ব্যবহার করে ওই সিরিজও অবৈধভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন বার্তাগুলো সেই ইঙ্গিতই দিচ্ছে।
লন্ডনের একটি আদালত বৃহস্পতিবার 'স্পট ফিক্সিং' মামলায় তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির এবং এজেন্ট মাজিদকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে।
অস্ট্রেলিয়ার দৈনিক 'দ্য সিডনি মর্নিং হেরাল্ড' জানিয়েছে, পুলিশ যে খুদে বার্তাগুলোর সন্ধান পেয়েছে তার প্রেরক ও প্রাপক ছিলেন মাজিদ। যদিও সালমান ও আসিফের বিচার চলার সময় বার্তাগুলো প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়নি। তবে অস্ট্রেলিয়া-পাকিস্তান লর্ডস টেস্টও যে পাতানোর চেষ্টা করা হয়েছিলো, তার ইঙ্গিত পাওয়া গেছে।
লর্ডস টেস্ট শুরু হওয়ার আগের দিন (১২ জুলাই) মাজিদের কাছে যুক্তরাজ্যের একটি মোবাইল ফোন থেকে এসএমএস আসে। যেখানে অস্ট্রেলিয়ার ইনিংসের বিষয়ে বলা হয়, "ভাই, সঞ্জয়ের সঙ্গে কথা বলো। প্রথমে বল করবে এবং কমপক্ষে প্রথম আট ওভার বোলার পরিবর্তন করা হবে না। প্রথম দশ ওভারে কমপক্ষে ৪৭ রান দেবে।"
ধারণা করা হচ্ছে, সঞ্জয় ভারতের একজন বাজিকর। তবে তার সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্যই পাওয়া যায়নি।
পরে দেখা যায় আসিফ ও আমির মিলে প্রথম দশ ওভার বল করেন। তবে তখন অস্ট্রেলিয়ার স্কোর ছিলো ২৯/১।
হেডিংলিতে দ্বিতীয় টেস্টের সময়ও মাজিদের কাছে রাজ নামের একজন বাজিকর (ধারণা করা হচ্ছে তিনিও ভারতীয়) আরেকটি খুদে বার্তা পাঠান। যেখানে লেখা ছিলো, "অধিনায়কত্বের জন্য বাটকে শুভেচ্ছা জানাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১০০ঘ.
bdnews24