২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বিচারের মুখোমুখি আমির

'প্রচন্ড চাপে' পড়েই স্পট ফিক্সিংয়ে জড়াতে বাধ্য হয়েছিলেন মোহাম্মদ আমির। রাজি না হলে প্রথম একাদশের বাইরে রাখার হুমকিও নাকি দেয়া হয়েছিলো তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 02:54 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'প্রচন্ড চাপে' পড়েই স্পট ফিক্সিংয়ে জড়াতে বাধ্য হয়েছিলেন মোহাম্মদ আমির। রাজি না হলে প্রথম একাদশের বাইরে রাখার হুমকিও নাকি দেয়া হয়েছিলো তাকে। স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করে নিয়ে গত ১৬ সেপ্টেম্বর আদালতের কাছে দেয়া জবানবন্দিতে এমন কথাই বলেন আমির। তবে আইনি বাধ্যবাধকতা থাকায় বাকি দুই খেলোয়াড়ের বিচারের আগে আমিরের জবানবন্দি প্রকাশ করা হয়নি। গত বছরের অগাস্টে লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে ইচ্ছাকৃতভাবে নো বল করার অভিযোগ ওঠে ওই ম্যাচে পাকিস্তানের অধিনায়ক সালমান বাট ও দুই পেসার মোহাম্মদ আসিফ ও আমিরের বিরুদ্ধে। ২০ দিন শুনানি শেষে গত মঙ্গলবার লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালত বাট ও আমিরকে দোষী সাব্যস্ত করে। যদিও দুজন প্রথম থেকেই স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছিলেন। স্বীকারোক্তি দেয়ায় ওই সময় বিচারের মুখোমুখি হতে হয়নি আমিরকে। তবে এই সপ্তাহের শেষে বিচারপতি কুকের অধীনে আমিরের শুনানি শুরু হবে। এদিকে পাকিস্তানের আরো দুই ক্রিকেটার উইকেটরক্ষক কামরান আকমল ও বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজের বিরুদ্ধেও তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইংল্যান্ডের 'দ্য ডেইলি টেলিগ্রাফ' এ তথ্য জানিয়েছে। সালমান-আসিফ-আমিরের বিরুদ্ধে পাওয়া বিভিন্ন তথ্য-প্রমাণে বারবার উঠে আসে কামরান ও রিয়াজের নাম। তাই লন্ডন পুলিশের জোগাড় করা যাবতীয় তথ্য-প্রমাণ আবার ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। দৈনিকটিতে আরো বলা হয়, ওই মামলা নিয়ে তদন্তের বিভিন্ন সময়ে মাজহার মাজিদের সঙ্গে তাদের (আকরাম ও রিয়াজ) যোগাযোগের বিভিন্ন প্রমাণ পাওয়া গেছে। এমনকি মাজিদ ও অধুনালুপ্ত পত্রিকা 'নিউজ অব দ্য ওয়ার্ল্ড'-এর ছদ্মবেশী সাংবাদিকের কথোপকথনে পাকিস্তানের যে ৭ জন ক্রিকেটারের প্রসঙ্গ এসেছিলো সেখানেও আকরাম ও রিয়াজের নাম ছিলো। ৭ ক্রিকেটারের বাকি দুজন হলেন কামরানের ছোট ভাই উমর আকমল ও ইমরান ফারহাত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৫২ঘ.