ঢাকা, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাঠের বাইরে নানা বিতর্কে জড়িয়ে বাংলাদেশ দলের অধিনায়কত্ব হারানোর পর এটাই ছিলো সাকিব আল হাসানের প্রথম সিরিজ। আর প্রথম সিরিজেই তার দুর্দান্ত নৈপুণ্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত সাকিব ওয়ানডের অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পাওয়ার আনন্দেও অধীর।
একমাত্র টেস্ট ও ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ হেরে জিম্বাবুয়ে থেকে ফেরার পর নেতৃত্ব কেড়ে নেয়া হয় সাকিবের। যদিও সফরটি বল বা ব্যাট হাতে খারাপ কাটেনি তার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে নিজেই জানিয়েছিলেন, এখন থেকে নির্ভার হয়ে খেলতে পারবেন তিনি। নিজের খেলায় পুরোপুরি মনযোগ দেয়ার কথাও জানিয়েছিলেন। তারই ফলশ্র"তিতে পরাজিত দলে থেকেও টেস্ট সিরিজ সেরার মুকুট তার মাথায়।
দুই ম্যাচের সিরিজে দুটো অর্ধশতকসহ ৫৬ গড়ে ১৬৮ রান এসেছে সাকিবের ব্যাট থেকে। আর বাঁহাতি স্পিনে ২২.৯০ গড়ে নিয়েছেন ১০ উইকেট।
প্রথম টেস্টে একটি ইনিংস ব্যাট করার সুযোগ পাওয়া সাকিব করেন ৪০ রান। বল হাতে প্রথম ইনিংসে ৩ উইকেট নেন ৫৩ রানে। আর দ্বিতীয় ইনিংসে ৩৪ রানে ১ উইকেট।
দ্বিতীয় ও শেষ টেস্টে আরো উজ্জ্বল এই বাঁহাতি অলরাউন্ডার। প্রথম ইনিংসে ৫ উইকেট নেন ৬৩ রানের বিনিময়ে। সুবাদে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮ বার ইনিংসে ৫ উইকেট নেয়ার কৃতিত্ব এখন সাকিবের অধিকারে।
এরপর ব্যাটসম্যানের ভূমিকাতেও তিনি সফল। ফিদেল এডওয়ার্ডসের তোপের মুখে ধ্বংস্তুপে পরিণত হওয়া বাংলাদেশকে বিপদ থেকে উদ্ধার করে সাকিবের ৭৩ রানের দুর্দান্ত ইনিংস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৩৭ঘ.
bdnews24