ঢাকা, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় পর্বে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী ও ঢাকা মেট্রো।
রাজশাহী-চট্টগ্রাম
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছে রাজশাহী।
জয়ের জন্য শেষ দিন রাজশাহীর প্রয়োজন ছিল ৮১ রান। মিজানুর রহমানের অর্ধশতকের সুবাদে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা। মিজানুর ৫২ ও হামিদুল ইসলাম ১৩ রান করে অপরাজিত থাকেন।
বুধবার ৪ উইকেটে ১৩ রান নিয়ে খেলা শুরু করে চট্টগ্রাম। শেষ ৬ উইকেট হারিয়ে আরো ১৪২ রান যোগ করে তারা। ফয়সাল হোসেনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭১ রান। অধিনায়ক নাজিম উদ্দিন করেন ৩০ রান।
রাজশাহীর পক্ষে অধিনায়ক ফরহাদ রেজা ৫ উইকেট নেন ৬০ রানে।
ঢাকা মেট্রো-বরিশাল
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে বরিশালকে ২৩৭ রানে হারিয়েছে ঢাকা মেট্রো। জয়ের জন্য শেষ দিনে ৮ উইকেট হাতে নিয়ে ৪৩৬ রান প্রয়োজন ছিলো বরিশালের।
২ উইকেটে ৭০ রান নিয়ে খেলা শুরু করা বরিশালের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ২৭৮ রানে।
নুরুজ্জামান অপরাজিত থাকেন ৮৮ রানে। তার ১৬৬ বলের ইনিংসে ৮টি চার ও ৩টি ছয় রয়েছে।
সালমান হোসেন ৪৮ রান করেন। ঢাকা মেট্রোর পক্ষে তারেক আজিজ খান ৩ উইকেট নেন ২৯ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০০২ঘ.
bdnews24