ঢাকা, নভেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়ের জন্য শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ৭ উইকেট। শের-ই-বাংলা স্টেডিয়ামের পিচ বেশ ব্যাটিং সহায়ক হয়ে পড়ায় বাংলাদেশকে অলআউট করতে বোলারদের সেরাটা ঢেলে দিতে হবে বলেই মনে করেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ওটিস গিবসন।
মঙ্গলবার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, "উইকেট ব্যাটিং সহায়ক বলেই মনে হচ্ছে। বোলাররা উইকেট থেকে তেমন সহায়তা পাচ্ছেন না। বাংলাদেশকে অলআউট করতে হলে বোলারদের খুবই ভালো করতে হবে।"
"প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো ব্যাট করেননি। তবে আবার ওরা ভুল করবে এমন আশা না করাই ভালো। দ্বিতীয় ইনিংসেও ওদের সবগুলো উইকেট নিতে হবে," যোগ করেন তিনি।
লক্ষ্য কঠিন হলেও বাংলাদেশের জয়ের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না গিবসন। তিনি বলেন, "এর আগে কেউ ৪১৮ রানের বেশি তাড়া করে জেতেনি। তবে কোনো সম্ভাবনাই উড়িয়ে দেয়া যায় না। বাংলাদেশ রেকর্ড গড়ে জিততে পারলে তাদের কৃতিত্ব দিতেই হবে।"
ওয়েস্ট ইন্ডিজ ঠিক সময়েই দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বলে মনে করেন তাদের কোচ। তিনি বলেন, "ড্যারেন স্যামি ঠিক সময়েই ইনিংস ঘোষণা করেছেন। শেষের দিকে আমাদের ব্যাটসম্যানরা দ্রুত রান করেছেন।"
ড্যারেন ব্রাভো আর শিবনারায়ন চন্দরপলের ব্যাটিংয়ের প্রশংসাও করেন গিবসন। এই ম্যাচে বাংলাদেশের স্পিনারদের ভালো ভাবে সামলানোর জন্য দলের ব্যাটসম্যানদের ওপরে তিনি সন্তুষ্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৩৫ঘ.
bdnews24