২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বস্তিতে ঢাকা মেট্রো, সিলেট, খুলনা ও চট্টগ্রাম

ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় পর্বের দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থায় আছে ঢাকা মেট্রো, সিলেট, খুলনা ও চট্টগ্রাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 02:53 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় পর্বের দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থায় আছে ঢাকা মেট্রো, সিলেট, খুলনা ও চট্টগ্রাম। ঢাকা মেট্রো-বরিশাল ঢাকা মেট্রোর বিপক্ষে দ্বিতীয় দিনেই ভীষণ অস্বস্তিতে বরিশাল। প্রথম ইনিংসে ৪ উইকেট হাতে নিয়ে প্রতিপক্ষের চেয়ে ৩৭৫ রানে পিছিয়ে আছে তারা। ৪ উইকেটে ২৭৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ঢাকা মেট্রো। অধিনায়ক আরাফাত সালাউদ্দিনের শতকের সুবাদে ৮ উইকেটে ৪৫০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে তারা। ১৪৩ বলে খেলা আরাফাতের অপরাজিত ১০০ রানের ইনিংসে ১০টি চার ও ৩টি ছক্কা। আগের দিন শতক পাওয়া আরমান হোসেন (১১৪) সোমবার এক রানের বেশি করতে পারেননি। সপ্তম উইকেটে মেহরাব হোসেনের সঙ্গে ১১৭ রানের জুটি গড়েন তিনি। মেহরাব করেন ৫৭ রান। বরিশালের পক্ষে তৌহিদুল ইসলাম ও মনির হোসেন নেন দুটি করে উইকেট। ব্যাট করতে নেমে আরাফাত সানির মারাত্মক বোলিংয়ে দিন শেষে বরিশালের সংগ্রহ ৬ উইকেটে ৭৫ রান। মাত্র ১০ রানের বিনিময়ে ৫ উইকেট নেন সানি। সিলেট-রংপুর রংপুরের বিপক্ষে রাজিনের শতকের সুবাদে প্রথম ইনিংসে ২২৪ রানে এগিয়ে আছে সিলেট। ২ উইকেটে ১১১ রান নিয়ে খেলা শুরু করা সিলেটের দ্বিতীয় দিনশেষে সংগ্রহ ৪ উইকেটে ৩৬২ রান। রাজিনের ১৩২ রানের ইনিংসটা সাজানো ১৮টি চার ও একটি ছক্কায়। তৃতীয় উইকেটে নাদীফ চৌধুরীর (৬১) সঙ্গে ৯৮ রানের জুটি গড়েন তিনি। নাদীফের বিদায়ের পর অধিনায়ক অলক কাপালীকে সঙ্গে নিয়ে ১৬৪ রানের আরেকটি মূল্যবান জুটি দলকে উপহার দেন রাজিন। দিনশেষে অলক ৮৬ রানে অপরাজিত। রংপুরের পক্ষে মাহমুদুল হাসান তিনটি উইকেট নেন। ঢাকা-খুলনা ঢাকার বিপক্ষে চালকের আসনে রয়েছে খুলনা। দ্বিতীয় দিন শেষে ২২৪ রানে এগিয়ে আছে তারা। ৩ উইকেটে ৪৩ রান নিয়ে দিনের খেলা শুরু করে ঢাকা। আব্দুর রাজ্জাকের দারুণ বোলিংয়ে ঢাকার প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৫৮ রানে। ঢাকার পক্ষে আব্দুল মজিদ সর্বোচ্চ ৪৮ রান করেন। দশ নম্বর ব্যাটসম্যান শহিদের ব্যাট থেকে আসে ২৭ রান। রাজ্জাক ৪ উইকেট নেন ৪৪ রানে। ডলার মাহমুদের ৩ উইকেটের পেছনে খরচ ৪৯ রান। ৬৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে খুলনার সংগ্রহ ৬ উইকেটে ১৫৮ রান। সগির হোসেন ব্যাট করছেন ৩২ রান নিয়ে। তাপস ঘোষ ৪৩ ও নাজমুস সাদাত ২৬ রান করেন। ঢাকার পক্ষে নাজমুল হোসেন অপু ৩ উইকেট নেন ২৯ রানে। চট্টগ্রাম-রাজশাহী চট্টগ্রামের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী তেমন স্বস্তিতে নেই। দ্বিতীয় দিন শেষে তাদের প্রথম ইনিংসের সংগ্রহ ৪ উইকেটে ১৮০ রান। এখনো প্রতিপক্ষের চেয়ে ১৯৮ রানে পিছিয়ে আছে তারা। ৪৭ রানে প্রথম তিন ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে গিয়েছিলো রাজশাহী। এরপর চতুর্থ উইকেটে ৯৮ রানের জুটি গড়েন ফরহাদ হোসেন ও অধিনায়ক ফরহাদ রেজা। ফরহাদ রেজার ব্যাট থেকে আসে ৬৫ রান। ফরহাদ ৬৩ ও আনিসুর রহমান ২৩ রান নিয়ে ব্যাট করছেন। চট্টগ্রামের পক্ষে কাজী কামরুল ৩ উইকেট নেন ২৮ রানে। এর আগে ৬ উইকেটে ২৮১ রান নিয়ে খেলা শুরু করে চট্টগ্রাম। আগের দিন শতক পাওয়া নাজিমউদ্দিন (১২৬) সোমবার আর ১৫ রান করেন। কাজী কামরুলের ৪০ ও ইয়াসিন আরাফাতের ৩৪ রানের সুবাদে আরো ৯৭ রান যোগ করে স্বাগতিকরা। রাজশাহীর পক্ষে ফরহাদ হোসেন ও সানজামুল ইসলাম তিনটি করে উইকেট নেন। জাতীয় লিগের সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচি অনুযায়ী চতুর্থ পর্বের খেলা শুরু হবে ১৪ নভেম্বর থেকে। ২১ নভেম্বর পঞ্চম, ২৮ নভেম্বর ষষ্ঠ ও ৫ ডিসেম্বর থেকে শুরু হবে সপ্তম পর্বের খেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৪৯ঘ