ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দলের ব্যাটিং নিয়ে ভীষণ অসন্তুষ্ট বাংলাদেশের কোচ স্টুয়ার্ট ল।
সোমবার দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, "বাংলাদেশের কোচ হিসেবে এই ব্যাটিং আমার জন্য খুবই হতাশাজনক।"
"একজন ব্যাটসম্যানকে দীর্ঘ সময় ব্যাট করতে বলার কোনো দরকার নেই। ব্যাটসম্যানের দায়িত্ব হলো বড় ইনিংস খেলা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের ক্ষেত্রে তা হচ্ছে না," যোগ করেন তিনি।
দলের ব্যাটসম্যানদের কাছ থেকে ইতিবাচক ব্যাটিং আশা করেন ল। এ ধরনের ব্যাটিংয়ের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, "ইতিবাচক ব্যাটিংয়ের অর্থ প্রতি বলে চার-ছয় নয়। এর অর্থ বল অনুযায়ী খেলা, সঠিক শট নির্বাচন। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা তা করতে ব্যর্থ হচ্ছেন।"
"টি-টোয়েন্টি ক্রিকেটের ধরনে ৪০ রান করার চেয়ে টেস্টে দৃষ্টিকটু ৮০ কিংবা ১২০ রানও অনেক ভালো," যোগ করেন তিনি।
তবে এত সহজে হাল ছেড়ে দিতে রাজি নন ল। তিনি বলেন, "ব্যাটসম্যানরা কঠোর পরিশ্রম করছেন। বড় ইনিংস খেলার চেষ্টাও করছেন। আমাদের শুধু সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে," যোগ করেন তিনি।
তৃতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজকে সুবিধাজনক স্থানে রাখতে বিন্দুমাত্র দ্বিধা করছেন না ল। তিনি বলেন, "এই টেস্টে কার্ক এডওয়ার্ডস দারুণ দুটি ইনিংস খেলেছেন। আজ (সোমবার) ড্যারেন ব্রাভোও শতক পেলেন। ওরা এখনই তিন শর বেশি রানে এগিয়ে। ওয়েস্ট ইন্ডিজ অনেক ভালো অবস্থায় আছে।"
"আমরা পরিকল্পনা মতো খেলতে পারিনি। আমাদের প্রথম ইনিংসের শুরুটা একদমই ভালো হয়নি। সেজন্যই ওয়েস্ট ইন্ডিজ এখন চালকের আসনে," যোগ করেন তিনি।
তবু বাংলাদেশকে নিয়ে আশাবাদী ল। তিনি বলেন, "ম্যাচের এখনো দু দিন বাকি। এর মধ্যে অনেক কিছুই হতে পারে। তবে প্রতিপক্ষ ৪৫০ বা তার বেশি রানের লিড পেলে আমরা সমস্যায় পড়ে যাবো।"
"অবশ্য শুরুটা ভালো হলে যে কোনো কিছুই সম্ভব। উদ্বোধনী জুটিতে শতরান পেলে অনেক বড় লক্ষ্যে পৌঁছানোও অসম্ভব নয়," যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮২৭ঘ.
bdnews24