ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় পর্বের প্রথম দিনে শতক করেছেন চট্টগ্রামের নাজিমউদ্দিন, খুলনার তুষার ইমরান ও ঢাকা মেট্রোর আরমান হোসেন।
সিলেট-রংপুর
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৩৮ রানে গুটিয়ে যায় রংপুর। দিন শেষে সিলেটের সংগ্রহ ২ উইকেটে ১১১ রান।
রংপুরের পক্ষে সর্বোচ্চ ২৮ রান অধিনায়ক তারেক আহমেদের। সায়মান আহমেদ ২৪ ও লিটন কুমারের অবদান ২০ রান।
১৯ রানে ৪ উইকেট নেয়া আবু জাহেদ সিলেটের সফলতম বোলার। নাবিল সামাদ ও এনামুল হক জুনিয়রের শিকার দুটি করে উইকেট।
সিলেটের পক্ষে সায়েম আহমেদ পেয়েছেন অর্ধশতক। ঠিক ৫০ রান করে আউট হয়ে যান তিনি। নাদিফ চৌধুরী ২৮ ও রাজিন সালেহ ১৩ রান নিয়ে ব্যাট করছেন।
চট্টগ্রাম-রাজশাহী
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নাজিমউদ্দিনের অপরাজিত শতক ও ফয়সাল হোসেনের অর্ধশতকের সুবাদে প্রথম দিন শেষে স্বাগতিক চট্টগ্রামের সংগ্রহ ৬ উইকেটে ২৮১ রান।
নাজিম ব্যাট করছেন ১১১ রান নিয়ে। তার ২১৫ বলের ইনিংসে ১৩টি চার ও ২টি ছক্কা। ৭১ রানে ৪ উইকেট হারানো চট্টগ্রামকে বিপদ থেকে উদ্ধার করেন নাজিম ও ফয়সাল। পঞ্চম উইকেট জুটিতে দুজনের অবদান ১৬৬ রান।
১৫৩ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ৯০ রান করেন ফয়সাল।
রাজশাহীর পক্ষে দেলোয়ার হোসেন ২ উইকেট নেন ৩৫ রানে।
ঢাকা-খুলনা
যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক তুষার ইমরানের শতকের সুবাদে ২২৪ রান করে খুলনা। জবাবে দিন শেষে ঢাকার স্কোর ৩ উইকেটে ৪৩ রান।
১৯২ বলে ১৩ চার ও এক ছক্কায় ১১২ রান করেন তুষার। অমিত মজুমদার ২৫ ও সগির হোসেনের ব্যাট থেকে আসে ২২ রান।
ঢাকার পক্ষে অধিনায়ক মোহাম্মদ শরীফ ৪ উইকেট নেন ২৯ রানে।
ঢাকা মেট্রো-বরিশাল
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে আরমান হোসেনের শতক ও শামসুর রহমান শুভর অর্ধশতকের সুবাদে দিনশেষে ৪ উইকেটে ২৭৪ রান করে ঢাকা মেট্রো।
১১৩ রানে অপরাজিত আছেন আরমান। তার ২৬৬ বলের ইনিংসে ১৫টি চার। ৮৫ রানে ৩ উইকেট হারানোর পর আরমান ও শুভর চতুর্থ উইকেট জুটি ১৬৮ রান উপহার দেয় ঢাকা মেট্রোকে।
আরমান শতক পেলেও শুভ একটুর জন্য তিন অঙ্কের ঘরে যেতে পারেননি। ১৯৪ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৯৪ রান করে আউট হয়ে যান তিনি।
টেস্ট দল থেকে বাদ পড়া ঢাকা মেট্রোর অধিনায়ক মোহাম্মদ আশরাফুল করেন ৩৪ রান।
বরিশালের পক্ষে মনির হোসেন ২ উইকেট নেন ৮২ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৩৭ঘ.
bdnews24