২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই 'এডওয়ার্ডস'-এর নৈপুণ্যে ভাস্বর এক দিন

দুই 'এডওয়ার্ডস'-এর একজন নিয়েছেন ৫ উইকেট, আরেক জনের ব্যাট থেকে এসেছে শতক। রোববার দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্বও করলেন ফিদেল ও কার্ক এডওয়ার্ডস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 02:49 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই 'এডওয়ার্ডস'-এর একজন নিয়েছেন ৫ উইকেট, আরেক জনের ব্যাট থেকে এসেছে শতক। রোববার দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্বও করলেন ফিদেল ও কার্ক এডওয়ার্ডস। ফিদেল এডওয়ার্ডস বল হাতে যেমন আগ্রাসী কথা বলার সময় ঠিক তেমনই বিনয়ী। বেশির ভাগ প্রশ্নেই তার উত্তর এক-দুই শব্দেই শেষ! ৫ উইকেট পেয়ে ভালো লাগছে জানিয়ে তিনি বলেন, "আমরা আক্রমণাত্মক খেলতে চেয়েছি। বাংলাদেশের ব্যাটসম্যানরা বেশি শট খেলেছেন। এটা উইকেট পেতে বেশ সাহায্য করেছে।" 'স্বাভাবিক ক্রিকেট' খেলার জন্যই সাফল্য পেয়েছেন বলে ফিদেলের ধারণা। এই ধারাবাহিকতা আগামী দিনগুলোতেও ধরে রাখতে চান তিনি। শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেটের প্রশংসাও করলেন এই ফাস্ট বোলার। তিনি বলেন, "উইকেট থেকে ভালো সাহায্য পেয়েছি। এই উইকেট পেস সহায়ক।" রোববার নিজের ২৯ বলের ব্যবধানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে ধ্বংসস্তুপে পরিণত করার কৃতিত্ব ফিদেলেরই। এটি অবশ্য বোলিং শুরু করার পর সবচেয়ে কম বলের ব্যবধানে ৫ উইকেট নেয়ার রেকর্ড নয়। অস্ট্রেলিয়ার এরিন টুসক এই রেকর্ডের অধিকারী। ১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে ব্রিসবেনে ১৯ বলের ব্যবধানে মাত্র ২ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আরেক অস্ট্রেলীয় হিউ ট্রাম্বল। ১৯০৪ সালে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে ২৩ বলের ব্যবধানে ৫ উইকেট নেন তিনি। জ্যাক ক্যালিস ২০০২ সালে পচেফস্ট্রুমে বাংলাদেশের বিপক্ষে ২৭ বলের ব্যবধানে নেন ৫ উইকেট। সেই ম্যাচ বাংলাদেশ হেরেছিলো ইনিংস ও ১৬০ রানে। ২০০৬ সালে জ্যামাইকায় ঐ ২৭ বলের ব্যবধানেই হরভজন সিং ওয়েস্ট ইন্ডিজের ৫ জন ব্যাটসম্যানকে ফেরান। এখন তাদের ঠিক পরেই ফিদেলের অবস্থান। তবে ম্যাচের যে কোনো পর্যায়ে সবচেয়ে কম বলের ব্যবধানে ৫ উইকেট নেয়ার রেকর্ড ওয়াকার ইউনিস ও মন্টি নোবেলের। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওয়াকার ২০০০-০১ মৌসুমে কোনো রান না দিয়ে ১৩ বলের ব্যবধানে বাংলাদেশের ৫ জন ব্যাটসম্যানকে আউট করেছিলেন। ১৯০১-০২ মৌসুমে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে ১৩ বলের ব্যবধানেই ৫ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার নোবেল। কার্ক এডওয়ার্ডসের কৃতিত্বও কম নয়। জীবনের তৃতীয় টেস্ট খেলতে নামা কার্কের এটি দ্বিতীয় শতক। গত জুলাইয়ে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টেও শতক করেন তিনি। টেস্ট ক্রিকেট সহজ মনে হচ্ছে কিনা জানতে চাইলে কার্ক বলেন, "না, মোটেও না। টেস্ট ক্রিকেট এতো সহজ নয়।" প্রথম দিনের চেয়ে রোববারের উইকেটের চরিত্র ভিন্ন ছিলো বলেই তার ধারণা । তিনি বলেন, "উইকেট অনেক দ্রুত গতির ছিলো। সকালে রুবেল হোসেন উইকেট থেকে বেশ সুবিধা পেয়েছেন। শনিবারের চেয়ে আজ তার বল বেশ দ্রুত ব্যাটে এসেছে।" ৫ উইকেটে ২৫৩ রান নিয়ে খেলা শুরু করার সময় প্রথম ইনিংসে অন্তত ৪০০ করার লক্ষ্য ছিল বলে জানান কার্ক। তিনি বলেন, "সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ের জন্য আমরা পরিকল্পনা অনুযায়ী ব্যাট করতে পারিনি।" "সাকিব একজন দারুণ স্পিনার। দেশের মাটিতে তিনি আরো ভয়ঙ্কর। তার কারণেই আমরা লক্ষ্য পূরণের অনেক আগে অলআউট হয়ে যাই," যোগ করেন তিনি। তবে নিজের ইনিংস নিয়ে কার্ক সন্তুষ্ট। তিনি বলেন, "আমি নিজের জন্য খেলি না, দলের জন্য খেলি। শতরান পাওয়ায় খুব ভালো লাগছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৪৪ঘ.