২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিব, নাঈমের ব্যাটিংয়ে বাংলাদেশের মুখ রক্ষা

সাকিব আল হাসান ও নাঈম ইসলামের ব্যাটিংয়ে বাংলাদেশের মুখ রক্ষা হলেও ঢাকা টেস্টের লাগাম হাতে তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ রান করেছে ৭ উইকেটে ২০৪। ফলে দলটি এখনো পিছিয়ে আছে ১৫১ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 04:43 AM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাকিব আল হাসান ও নাঈম ইসলামের ব্যাটিংয়ে বাংলাদেশের মুখ রক্ষা হলেও ঢাকা টেস্টের লাগাম হাতে তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ রান করেছে ৭ উইকেটে ২০৪। ফলে দলটি এখনো পিছিয়ে আছে ১৫১ রানে। উইকেটে আছেন নাসির হোসেন ৩৪ রান নিয়ে। অন্য প্রান্তে ৩ রানে অপরাজিত রয়েছেন সোহরায়ার্দী শুভ। রাজধানীর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে সুবিধাজনক অবস্থায় নিয়ে যান দুই এডোয়ার্ডস, কার্ক ও ফিদেল। একজনের (কার্ক) টেস্ট-জীবনের দ্বিতীয় শতকের ওপর ভর করে লড়াই করার মতো পুঁজি গড়ে তোলে তারা। আর অন্য জন দুমড়ে-মুচড়ে দেন বাংলাদেশের 'টপ' ও 'মিডল' অর্ডার। ফিদেল পাঁচ উইকেট নেন ৫৮ রানে। অন্যদিকে বল হাতে ৫ উইকেট নেয়ার পর ব্যাট হাতে অধশতক আদায় করে নেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের প্রথম পালার ৩৫৫ রানের জবাব দিতে নেমে বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ফিদেল এডওয়ার্ডসের মারাত্মক বোলিংয়ের মুখে অসহায়ের মতো আত্মসমর্পণ করেন 'টপ' ও 'মিডল' অর্ডার ব্যাটসম্যানরা। মাত্র ৫৯ রানের মধ্যে সাজঘরে ফিরে যান তামিম ইকবাল (১৪), ইমরুল কায়েস (২৯, একবার জীবন পান তিনি), শাহরিয়ার নাফীস (একবার জীবন পেয়েও রান করেন ৭), রকিবুল হাসান (০) ও মুশফিকুর রহিম (০)। এই পাঁচটি উইকেটই নেন ফিদেল এডোয়ার্ডস। এ অবস্থায় বাংলাদেশের রান এক শ' পেরুবে কি না, সংশয় দেখা দেয় তা নিয়ে। কিন্তু সেই সংশয় দূর করেন সাবেক অধিনায়ক সাকিব ও নাঈম। ষষ্ঠ উইকেট জুটিতে তারা দু'জনে মিলে ৮৪ রান তুললে কিছুটা হলেও মুখ রক্ষার ইঙ্গিত পাওয়া যেতে থাকে। দলীয় ১৪৩ রানের মাথায় দেবেন্দ্র বিশুর বলে বোল্ড হওয়ার আগে ৭৩ রান করেন সাকিব। তিনি তার ৭৪ বলের ইনিংসটি সাজান ৯টি চার দিয়ে। সপ্তম উইকেট জুটিতে নাঈম ও নাসির হোসেন আরো ৫২ রান যোগ করলে শেষ পর্যন্ত মুখ রক্ষা করতে সক্ষম হয় বাংলাদেশ। দলের রানও পেরিয়ে যায় দুশোর কোঠা। দলীয় ১৯৫ রানের মাথায় ৪৫ রান করে দুর্ভাগ্যজনক রান-আউটের শিকার হন নাঈম। তার ১১৩ বলের ইনিংসে চার রয়েছে তিনটি। আর নাসির ৬৯ বল খেলে সীমানার ওপরে বল পাঠান তিনবার। সকালে ৫ উইকেটে ২৫৩ রান নিয়ে দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ শেষ ৫ উইকেটে যোগ করে আরো ১০২ রান। দিনের শুরুতে কার্ক এডওয়ার্ডস ও মারলন স্যামুয়েলসের সাবলীল ব্যাটিং ওয়েস্ট ইন্ডিজকে আরো বড় সংগ্রহের আভাস দিতে থাকে। কিন্তু তাদের ৮৭ রানের জুটি ভেঙ্গে গেলে খেলায় ভালোভাবেই ফিরে আসে বাংলাদেশ। শেষ চার উইকেটে কেবল ৫৫ রান তুলতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। তবে এরই মধ্যে শতক আদায় করে নেন কার্ক। ৩৪৮ রানের মাথায় নবম ব্যাটসম্যান হিসেবে সাজঘরের পথ ধরার আগে ১২১ রান করেন তিনি। ২৭৩ বল খেলে সীমানার ওপারে বল পাঠান তিনি ১৪ বার। এছাড়া হাওয়ায় ভাসিয়ে দুবার। এর আগে মারলন স্যামুয়েলসের ব্যাট থেকে আসে ৪৮ রান। নাসির হোসেনের বলে তারই হাতে ধরা পড়ে বিদায় নেন তিনি ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের লেজটা মুড়ে দেন সাকিব। লেজের দিকের কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। বাংলাদেশের পক্ষে ৬৩ রানে ৫ উইকেট নেন সাকিব। নাসির ৩ উইকেট নেন ৫২ রানে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে হার মানলেও তিন ম্যাচের একদিনের সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে। আর ড্র হয় প্রথম টেস্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮৩২ ঘ.