২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চারদিনেই পাকিস্তানের জয়

স্পিনার সাঈদ আজমলের বোলিং নৈপুণ্যে একদিন বাকি থাকতেই শ্রীলঙ্কার বিপক্ষে দুবাই টেস্ট ৯ উইকেটে জিতে নিয়েছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 02:08 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পিনার সাঈদ আজমলের বোলিং নৈপুণ্যে একদিন বাকি থাকতেই শ্রীলঙ্কার বিপক্ষে দুবাই টেস্ট ৯ উইকেটে জিতে নিয়েছে পাকিস্তান। ফলে তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল মিসবাহ-উল-হকের দল। শারজায় সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩ নভেম্বর থেকে। এর আগে আবুধাবিতে প্রথম টেস্ট ড্র হয়। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিন বিকালে জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৯৪ রান। মাত্র ১ উইকেট হারিয়েই সেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। দলীয় ১৭ রানে রঙ্গনা হেরাথের বলে উদ্বোধনী ব্যাটসম্যান তৌফিক উমরকে হারালেও অপর উদ্বোধণী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ও আজহার আলী নিরাপদেই দলকে জয়ের বন্দরে নিয়ে যান। হাফিজ ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৪ বলে অপরাজিত ৫৯ রান করেন। আজহার ২৯ রানে অপরাজিত ছিলেন। এর আগে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৮৮ রান নিয়ে শনিবার দিনের খেলা শুরু করা শ্রীলঙ্কা ২৫৭ রানেই থেমে যায়। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা নিজের নামের পাশে আর এক রান যোগ করেই আব্দুর রেহমানের বলে এলবিডব্লিউ হয়ে যান। ৯৯ বল মোকাবেলা করে ৩০ রান করেন তিনি। অপর অপরাজিত ব্যাটসম্যান থারাঙ্গা পারানাভিতানা খেলে যেতে থাকেন। শেষ পর্যন্ত ২৩৯টি বল মোকাবেলা করে ৪টি চারের সাহায্যে ৭২ রান করেন তিনি। পারানাভিতানা যখন আউট হয়ে যান তখনও শ্রীলঙ্কা পাকিস্তানের চেয়ে ২৩ রানে পিছিয়ে। চতুর্থ দিনের অনেকটাসহ পুরো পঞ্চম দিনের খেলা বাকি। তাই জয়ের আশা ছেড়ে দিতে হয় শ্রীলঙ্কাকে। বরং শঙ্কা ম্যাচ বাঁচাতে পারবে কিনা। প্রথম টেস্টেও একই পরিস্থিতিতে পড়ে শেষ পর্যন্ত সাঙ্গাকারার দ্বিশতক ও প্রসান্না জয়াবর্ধনের শতক শ্রীলঙ্কাকে বাঁচিয়ে দিয়েছিলো। ছয় নম্বরে ব্যাট করতে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউস এদিন দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে খেলে যাচ্ছিলেন। কিন্তু অন্য প্রান্তে উইকেট যে পড়ছেই। শেষ পর্যন্ত সঙ্গীর অভাবে ৫২ রানেই থেমে যেতে হয় ম্যাথিউসকে। ১৪৩ বলের অপরাজিত ওই ইনিংসটি তিনি সাজান ৫টি চার ও ১টি ছয় দিয়ে। এরপর পাকিস্তানের জয় শুধুই সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। ৬৮ রানে ৫ উইকেট দখল করে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস ধসিয়ে দিতে মূল ভূমিকা পালন করেন সাঈদ আজমল। সব মিলিয়ে ৮ উইকেট নিয়ে তিনিই ম্যাচ সেরা। এছাড়া জুনায়েদ খান ও রেহমান ২টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে ২৩৯ রান করেছিলো শ্রীলঙ্কা। আর আজহার আলীর শতকের সুবাদে প্রথম ইনিংসে ৪০৩ রান করে পাকিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯৪৬ ঘ.