২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার সকালটা গুরুত্বপূর্ণ: নাফীস

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন সকালে যারা ভালো করতে পারবে তারাই ম্যাচে এগিয়ে থাকবে বলে মনে করছেন শাহরিয়ার নাফীস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 12:52 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মিরপুর টেস্টের দ্বিতীয় দিন সকালে যারা ভালো করতে পারবে তারাই ম্যাচে এগিয়ে থাকবে বলে মনে করছেন শাহরিয়ার নাফীস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই ব্যাটসম্যান বলেন, "প্রথম দিন শেষে কেউ এগিয়ে নেই। ম্যাচে এখন খুবই রোমাঞ্চকর পরিস্থিতি। রোববার সকালে যারা ভালো করবে তারাই এগিয়ে থাকবে।" "উইকেট থেকে বোলাররা তেমন সহায়তা পাননি। উইকেট অন্তত চারদিন ভাঙ্গবে না। তাই এই টেস্টে ফলাফলের জন্য প্রথম ইনিংস খুবই গুরুত্বপূর্ণ," যোগ করেন তিনি। রোববারে দলের লক্ষ্য কি হবে তা বর্ণনা করতে গিয়ে তিনি আরো বলেন, "আমাদের লক্ষ্য থাকবে দ্রুত ওদের দুটি উইকেট তুলে নেয়া। তাহলেই নিচের সারির ব্যাটসম্যানরা উইকেট চলে আসবেন। তাদের দ্রুত ফিরিয়ে দেয়া খুব কঠিন হবে বলে আমার মনে হয় না।" প্রথম সেশন ওয়েস্ট ইন্ডিজের হলেও পরের দুই সেশনে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে বলে মনে করেন নাফীস। বলেন, "বল কম ঘুরেছে। আমাদের মূল শক্তি স্পিনাররা। তারা বল ঘুরাতে না পারলে আমাদের জন্য ভালো করা খুব কঠিন হয়ে যায়। প্রথম সেশনে তারা চেষ্টা করেছেন। কিন্তু কোনো সাফল্য আসেনি। তবে পরের দুই সেশনে ৫ উইকেট পড়ায় দল লড়াইয়ে ফিরে এসেছে।" দলের পেসাররাও সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করছেন বলে মনে করেন তিনি। তবে উইকেট থেকে তারাও খুব এটা সহায়তা পাচ্ছেন না বলেই তার মত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৮৩৭ ঘ.