ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উপরের সারির তিন ব্যাটসম্যানের অর্ধশতকের সুবাদে সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে কিছুটা এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৫ উইকেটে ২৫৩ রান।
এদিকে ফিল্ডাররা অন্তত তিনটি সুযোগ হাতছাড়া না করলে এগিয়ে থাকতে পারতো বাংলাদেশও। তবে শেষ বেলায় দুই উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফিরেছে স্বাগতিকরা।
কার্ক এডওয়ার্ডস ৭১ ও মারলন স্যামুয়েলস ১৬ রানে অপরাজিত রয়েছেন। এটি কার্কের প্রথম অর্ধশতক। তার ১৬৮ বলের ইনিংসে ৮টি চার ও ১টি ছয় রয়েছে।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার প্রথম সেশনে বাংলাদেশের বোলাররা উইকেট বা ফিল্ডার কারো কাছ থেকেই সহায়তা পাননি। ফলে মধ্যাহ্ন-বিরতিতে যাওয়ার আগে কোনো উইকেট না হারিয়ে ৮৮ রান করে সফরকারীরা।
শাহরিয়ার নাফীসের সহায়তা পেলে ১৫তম ওভারের শেষ বলে ক্রেইগ ব্র্যাথওয়েইটকে ফিরিয়ে দিতে পারতেন রুবেল হোসেন। কিন্তু নাফীস ক্যাচটি ধরতে ব্যর্থ হন, চার রান যোগ হয় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহে।
দলের ঠিক ১০০ রানে নিজের অর্ধশতকে পৌঁছে আবারো রুবেলের বলে ক্যাচ দেন ব্র্যাথওয়েইট (৫০)। ইমরুল কায়েস স্লি¬পে সহজ ক্যাচটি লুফে নিতে কোনো ভুল করেননি। ব্র্যাথওয়েইট তার ১০২ বলের ইনিংসটি সাজান ৫টি চার দিয়ে।
দ্বিতীয় উইকেটে দেখেশুনে খেলে ৫৫ রান যোগ করেন কাইরন পাওয়েল ও কার্ক এডওয়ার্ডস। নিজের প্রথম অর্ধশতকের দেখা পাওয়া পাওয়েল ৭১ রানে একবার জীবন পান। নাঈম ইসলামের বলে উইকেটের পেছনে ক্যাচ দিলেও তা ধরতে ব্যর্থ হন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। তবে দুই বল পরই সোহরাওয়ার্দী শুভ তাকে বোল্ড করে সাঝঘরে পাঠান। ১৫০ বলে ৭২ রানের ইনিংসটি তিনি সাজান ১০টি চার দিয়ে।
এটি শুভর প্রথম টেস্ট উইকেট।
বাংলাদেশ সফরে ব্যাট হাতে একেবারেই অনুজ্জ্বল ড্যারেন ব্র্যাভো। ব্যর্থ হয়েছেন এদিনও। নাসির হোসেনের প্রথম টেস্ট শিকারে পরিণত হওয়ার আগে করেন ১২ রান। দলের রান তখন ১৮০। অফস্পিনার নাসিরের বলে এলবিডব্লি¬উ'র ফাঁদে পড়েন তিনি।
৮১ ওভার ২ বল পর দ্বিতীয় নতুন বল নেয় বাংলাদেশ। ৮৩তম ওভারে নতুন বল হাতে নিয়েই দলকে চতুর্থ সাফল্য এনে দেন নাসির হোসেন। প্রথম বলেই তিনি ফিরিয়ে দেন শিবনারায়ন চন্দরপলকে (১৮)। মুশফিকের হাতে ধরা পড়েন চন্দরপল। চতুর্থ উইকেটে কার্ক ও চন্দরপল মিলে যোগ করেন ৪৬ রান।
'নাইটওয়াচ ম্যান' কেমার রোচকে বোল্ড করে বাংলাদেশকে পঞ্চম সাফল্য এনে দেন সাকিব আল হাসান। যদিও পুরো দিন দারুণ বল করেছেন তিনি। কিন্তু উইকেটের দেখা পাচ্ছিলেন না। তবে শেষ বেলায় সাকিবের সাফল্যে লড়াইয়ে ফিরেছে স্বাগতিকরা।
এর আগে সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি। বাংলাদেশ সফরে এটাই তার প্রথম টস জয়।
বাংলাদেশের পক্ষে নাসির ২ উইকেট নেন ৩১ রানে। সাকিব আল হাসান, রুবেল হোসেন ও শুভ একটি করে উইকেট নেন।
পানিশূন্যতার কারণে অভিষেক টেস্টে ৭ উইকেট নেয়া ইলিয়াস সানি এই ম্যাচে খেলতে পারেনি। তার বদলে অভিষেক হয়েছে সোহরাওয়ার্দী শুভর।
ওয়েস্ট ইন্ডিজ দলেও দুটি পরিবর্তন হয়েছে। লেন্ডল সিমন্স ও রবি রামপলের বদলে দলে এসেছেন কাইরন পাওয়েল ও কেমার রোচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৬৪৫ ঘ.
bdnews24